দক্ষিণ আফ্রিকার মুসলিম নারী সৈন্যদের হিজাব পরার অনুমতি দিয়েছে দেশটির সামরিক বাহিনী। এখন থেকে তারা ইউনিফর্মের সঙ্গে হিজাব পরতে পারবে। তবে শর্ত হলো, হিজাবের কারণে র্যাংকিং ব্যাচসহ সামরিক নিদর্শনগুলো ঢাকা পড়তে পারবে না। মেজর ফাতিমা ইসহাকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই অনুমতি দেওয়া হয়। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এমনটা জানা গেছে।
দেশটির শ্রমবিষয়ক আইনজীবী নাজিমা মুহাম্মদ বলেন, এটি শুধু মুসলিম নারীদের বিজয় নয়। এটি দক্ষিণ আফ্রিকার বিজয়। এটি বৈষম্যের বিরুদ্ধে মানবাধিকারের জয়। আমরা চাই, রাষ্ট্র এই অধিকারগুলো দাবিদারদের প্রদান করুক।
এর আগে হিজাব পরার কারণে দক্ষিণ আফ্রিকার সামরিক বাহিনী ফাতিমা ইসহাকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। ফাতিমা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন। আদালত হিজাব অনুমোদনের পক্ষে রায় দিলে সামরিক বাহিনী তা মেনে নেয় এবং ফাতিমার শাস্তি প্রত্যাহার করে। উল্লেখ্য, ২০১৯ সালে ত্রিনিদাদ, ২০১৬ সালে তুরস্ক, কানাডা ও স্কটল্যান্ড নিজ নিজ দেশের পুলিশ বাহিনীতে কর্মরত মুসলিম নারীদের দায়িত্ব পালনের সময় হিজাব পরার অনুমতি দেয়।