পাখির কলকাকলিতে মুখরিত পাত্রখোলা চা-বাগান

পাখির কলকাকলিতে মুখরিত মৌলভীবাজারের কমলগঞ্জের পাত্রখোলা চা-বাগানের ১৮ নম্বর সেকশনের লেক। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ও পাখ-পাখালির অভয়ারণ্য এ লেকে এবারও শীত আসার সঙ্গে সঙ্গেই ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আসছে। সবুজ চা-বাগানে পাখিদের কলতান পাখিপ্রেমীদের করে তুলছে চঞ্চল। এ দৃশ্য দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন তারা।

স্থানীয়রা জানান, পাত্রখোলা চা-বাগানের ১৮ নম্বর সেকশনের এই লেকে শীত এলেই আগমন ঘটে অতিথি পাখির। কিচিরমিচির শব্দ আর ঝাঁক বেঁধে উড়ে বেড়ানো ও পানিতে ঝাঁপাঝাঁপিতে যেন অন্য রকম সৌন্দর্যে সাজে লেকটি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাখির কিচিরমিচির শব্দ আর ঝাঁক বেঁধে উড়ে বেড়ানোর দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। হাজার হাজার মাইল পেরিয়ে আসা অতিথি পাখিদের বিরক্ত না করতে দর্শনার্থীদের আহ্বান জানান স্থানীয়রা।

কয়েকজন দর্শনার্থী বলেন, ‘দেশের আর কোথাও অতিথি পাখি দেখা যায় না। বিভিন্ন স্থান থেকে আসা অতিথি পাখিদের অবাধ বিচরণের ব্যবস্থা করা হলে দেশে পাখির সংখ্যা বৃদ্ধি পাবে। অতিথি পাখি যাতে অবাধে বিচরণ করতে পারে, সেদিকে বন বিভাগের নজর রাখা উচিত।’ এ বছর লেকে কালকোর্ট, পানকৌড়ি, ধনেশ, সাপ পাখি, মচরংভূতি হাঁস, সাদা বক, লালচে বক, কাললেজ জহুরালিসহ নানা প্রজাতির অতিথি পাখিদের আগমন ঘটেছে।