নড়াইলে সুলতান মেলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নড়াইলে সুলতান মেলায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১০টার দিকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে এ প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় চারটি গ্রুপে দুই শতাধিক শিশু অংশ নেয়। প্রতিযোগীরা মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, আবহমান বাংলার অপরূপ দৃশ্য ও খেটে খাওয়া মানুষের চিত্র তুলির আঁচড়ে ফুটিয়ে তোলে। 

অনুষ্ঠানে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা রানী দাস, চিত্রশিল্পী বলদেব অধিকারী, সমীর বৈরাগী, সমীর মজুমদারসহ ফাউন্ডেশনের কর্মকর্তা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৫তম জন্মজয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে গত ১৬ জানুয়ারি থেকে ১২ দিনব্যাপী সুলতান মেলা শুরু হয়েছে। গ্রামীণ খেলাধুলা, শিল্পীর কর্মময় জীবনের ওপর সেমিনার, চিত্রপ্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে মেলা প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে রূপ নিয়েছে।