“গণ্ডি বন্ধুত্বের গল্প। বন্ধুত্ব যেকোনো বয়সেই হতে পারে। এই সিনেমা আপনার কোনো পুরোনো বন্ধুর কথা হয়তো মনে করিয়ে দেবে। আমার বিশ্বাস, এটি সবার ভালো লাগবে।”
কয়েক দিন আগে নিজের নতুন ছবি ‘গণ্ডি’ নিয়ে এই সব কথা বলেছিলেন সুবর্ণা মুস্তাফা। এবার ইউটিউব ও ফেসবুকে প্রকাশিত ট্রেলারে সেই আভাস পাওয়া গেল।
ছবির কাহিনি এগিয়ে গেছে ৫৫ ও ৬৫ বছর বয়সী দুজন নারী-পুরুষের গল্প নিয়ে। কিছুটা অবসরে থাকা এই বয়সে দুজন নারী-পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার এবং আশপাশের মানুষ বিষয়টিকে কীভাবে নেয়, এসব বিষয় থাকবে সিনেমাটিতে।
‘গণ্ডি’ পরিচালনা করেছেন ফাখরুল আরেফিন খান। সুবর্ণা মুস্তাফার বিপরীতে আছেন কলকাতার ‘ফেলুদা’-খ্যাত সব্যসাচী চক্রবর্তী। ট্রেলারে উঠে এসেছে দুই তারকার সম্পর্কের নানান পর্যায়। যা দর্শককে ভীষণভাবে আগ্রহী করে তুলেছে।
কিছুদিন আগে ‘গণ্ডি’ সেন্সরের ছাড়পত্র পেয়েছে। সবকিছু ঠিক থাকলে মুক্তি পাবে ৭ ফেব্রুয়ারি। পরিচালক জানালেন, বাংলাদেশে মুক্তির পাশাপাশি সাফটা চুক্তির মাধ্যমে কলকাতায় মুক্তির পরিকল্পনা রয়েছে।
ছবিটিতে আরও অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, মাজনুন মিজান, শুভাশীষ ভৌমিক, আমান রেজা, পায়েল মুখার্জিসহ অনেকে। রোমান্টিক কমেডি ঘরানার ‘গণ্ডি’ প্রযোজনা করেছে গড়াই ফিল্মস।