নাম, নায়িকা চূড়ান্ত নয়

তবুও মাঠে গড়াচ্ছে শাকিবের নতুন সিনেমা

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পিএম

ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শুরু হচ্ছে চিত্রতারকা শাকিব খানের নতুন সিনেমার শুটিং। ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে সিনেমাটি পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয় ও প্রযোনায় রয়েছেন শাহরিন আক্তার সুমি। নির্মাতারা জানান, আগামী ৫ থেকে ৭ ডিসেম্বরের মধ্যেই সিনেমাটির শুটিং। 

প্রথম ধাপে দেশের বাইরে ভারত, শ্রীলঙ্কা ও মালয়েশিয়ায় টানা শুটিং। এরপার জানুয়ারিতে বাকি অংশের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তারা। তবে সিনেমার নাম এবং নায়িকা কারা থাকছেন,এ বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। প্রাথমিকভাবে এর নাম দেয়া হয় নিঃস্ব। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার সুমি  বলেন, ‘পরিচালক শুটিংয়ের আগের প্রস্তুতি হিসেবে দেশের বাইরে আছেন। শুটিংয়ের আগের প্রস্তুতিগুলো শেষ হয়েছে। তিনি দেশে ফিরলে হয়তো আমরা সিনেমার নাম ঘোষণা করতে পারি।’ 

এর আগে গত জুলাইয়ে সিনেমার শুটিং শুরুর কথা থাকলেও কেন পিছেয়ে গেল? জবাবে প্রযোজক বলেন, ‘চিত্রনাট্যে পরিবর্তনের কারণে কাজ শুরু করতে দেরি হয়েছে। চলতি মাসে চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার পর শুটিংয়ের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি এবং শাকিব খানের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে দেশের বাইরে শুটিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা একটানা দেশের বাইরে (ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া) শুটিং করব। দেশের অংশের কিছু কাজ আছে, সেগুলো জানুয়ারিতে ফিরে করব।’ 

নতুন সিনেমা নিয়ে নিজেদের পরিকল্পনার কথাও জানিয়েছেন প্রযোজক। তার ভাষ্য, দর্শকের কাছে তাদের কাজ নিয়ে যে বিশ্বাস ও প্রত্যাশা তৈরি হয়েছে, সেটি ধরে রাখতেই সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। সুমি বলেন, ‘ভালো সিনেমার জন্য আমরা কখনও ছাড় দিই না। যদি একটি দৃশ্যের জন্যও টিমকে মালয়েশিয়া যেতে হয়, তবে সেখানেই যাব। দর্শকদের কাছে আমাদের যে রেপুটেশন, বিশ্বাস ও ভালোবাসা আছে, সেটা আমরা বজায় রাখার চেষ্টা করব।’ 

পরিচালক মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন, নাম পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে শাকিব খানের বিপরীতে নায়িকা কে থাকছেন, তা নিয়েও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে ছবিটিতে ইধিকা পালের অভিনয়ের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত