বাগেরহাটে যাত্রী সেজে বাসে উঠে পরে সুযোগ বুঝে অন্য যাত্রীদের কাছ থেকে গয়না, নগদ টাকা, মোবাইল ফোনসেটসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে একদল সশস্ত্র ডাকাত। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে গাড়ি চালক দীন ইসলাম (৪২) জখম হয়েছেন।
ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে শুক্রবার রাত একটার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে। আহত গাড়ি চালক দীন ইসলামকে বাগেরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। ডাকাতির শিকার হয়েছেন প্রায় ৩০ জন যাত্রী। তাদের বাড়ি বাগেরহাট, গোপালগঞ্জ ও পিরোজপুর জেলায়।
যাত্রীরা জানান, বাসটি ফরিদপুরের ভাঙ্গার মোড়ে পৌঁছালে ডাকাতদল বাসের চালক দীন ইসলাম ও তার সহকারী আবিদ হোসেনকে অস্ত্রের মুখে জিম্মি করে বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরে তারা কালো মুখোশ পরে যাত্রীদের নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুট করে। প্রায় আড়াই ঘণ্টা পর রাত সাড়ে তিনটার দিকে ডাকাতদল মাথাভাঙা এলাকায় গাড়ি থামিয়ে নেমে যায়।
ডাকাতির শিকার হওয়া এনজিও কর্মী শিল্পী আক্তার দুপুরে এই প্রতিবেদককে বলেন, যাত্রীবেশী ৭/৮ জনের কালো মুখোশ পড়া ওই ডাকাতদলটি অস্ত্রের মুখে জিম্মি করে আমার গলার স্বর্ণের চেইন, চুরি, কানের দুল, নগদ ২০ হাজার টাকা, দুটি মোবাইল সেট এবং কাপড়ের ব্যাগ নিয়ে নেয়। পরে তারা একে একে বাসে থাকা সব যাত্রীর কাছ থেকে নগদ টাকাসহ সব মালামাল লুট করে নিয়ে যায়।
বাসের সহকারী আবিদ হোসেন বলেন, সাভারের নবীনগর থেকে টিকিট নেওয়া আটজন যাত্রী এই বাসে ওঠেন। বাসটি ফরিদপুরের ভাঙ্গার মোড়ে পৌঁছালে ওই যাত্রীরা কালো মুখোশ পরে আমাকে ও চালককে মারধর শুরু করে। এ সময় গাড়ির চালক দীন ইসলাম গাড়ির নিয়ন্ত্রণ ছাড়তে রাজি না হওয়ায় ধারালো অস্ত্র দিয়ে তার মুখে আঘাত করে ডাকাতরা। এতে তিনি রক্তাক্ত জখম হয়ে গাড়ির নিয়ন্ত্রণ ছেড়ে দিলে ওদের একজন গাড়ি চালাতে শুরু করে। এরপর ওরা রাত তিনটা পর্যন্ত অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, ফোনসেট, মালামাল কেড়ে নেয়।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন যাত্রী বলেন, ঢাকার হাইওয়ে পুলিশের কাছে ওই বাসের সব যাত্রীদের ভিডিও ফুটেজ ধারণ করা রয়েছে। পুলিশ ওই ভিডিওটি সংগ্রহ করলে ডাকাতির ঘটনায় কারা জড়িত তা শনাক্ত করা সহজ হবে।
ডাকাতির কথা স্বীকার করে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ আবজাল বলেন, পুলিশ ডাকাতির শিকার যাত্রীদের সাথে কথা বলেছে। বাসের চালক দীন ইসলাম ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। তাকে বাগেরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাত্রীদের মামলা দিতে বলা হয়েছে। ওই ডাকাতদলকে শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।