বঙ্গবন্ধু গোল্ড কাপে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে নিল ফিলিস্তিন। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ষষ্ঠ আসরের ফাইনালে বুরুন্ডিকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রেখেছে দলটি। ফেভারিটের তকমা নিয়ে খেলতে আসা ফিলিস্তিন দেশে ফিরতে যাচ্ছে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে।
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত হয়েছিল এবারের বঙ্গবন্ধু গোল্ড কাপ। মুজিব বর্ষের এই আন্তর্জাতিক আসরের ফাইনাল মাঠে বসে উপভোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন তিনি।
বুরুন্ডি প্রতিপক্ষ হিসেবে বেশ চ্যালেঞ্জিং হবে বলেই মনে হচ্ছিল। ফিলিস্তিনের স্বপ্ন ভাঙতে প্রত্যয়ের কথাও বলেছিল দলটি। টুর্নামেন্ট জুড়ে দলটির আক্রমণভাগ দারুণ প্রশংসা পেয়েছে। তবে ফিফা র্যাঙ্কিংয়ে ৪৫ ধাপ (ফিলিস্তিন ১০৬, বুরুন্ডি ১৫১) এগিয়ে থাকা ফিলিস্তিন মাঠে পার্থক্যটা প্রমাণ করেছে।
মাত্র ২৬ মিনিটের মধ্যে দলটি এগিয়ে যায় ৩-০ গোলে। ৩ মিনিটে সালেম খালেদ, ১০ মিনিটে সামেহ মারাবা ও ২৬ মিনিটে লেখ খারৌব গোল তিনটি করে।
প্রথমার্ধ শেষ হয় ফিলিস্তিনের ৩-০ গোলের অগ্রগামিতায়। বিরতির পর ম্যাচের ৬০ মিনিটে ব্যবধান কমায় বুরুন্ডি। নিকুমান আসমান গোলটি করেন। তবে ফিলিস্তিনির ওপর আর চাপ প্রয়োগ করতে পারেনি দলটি। ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে মধ্যপ্রাচ্যের দেশটি।
আসরের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা দুটি পুরস্কারই পেয়েছেন বুরুন্ডির এনশিমিরিমানা জসপিন। আসরে সর্বোচ্চ ৭ গোল করেন তিনি।