স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন

একই পরিবারের ৬ জনকে কুপিয়ে জখমের অভিযোগ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৪২ নম্বর ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন করায় একই পরিবারের ছয়জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। গতকাল শনিবার রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ভুক্তভোগী আসাদুল ইসলাম।

এদিকে অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, ‘আসাদুলের চাচার সঙ্গে তাদের বিরোধের জেরে হামলা হয়েছে। এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই।’ লিখিত বক্তব্যে আসাদুল বলেন, ‘আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব আনসার মিন্টু ঘুড়ি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। আমরা তাকে সমর্থন করে প্রচারণা চালাচ্ছি। এতে ক্ষিপ্ত হন আওয়ামী লীগ সমর্থিত জাহাঙ্গীর। গত শুক্রবার রাত ১১টার দিকে জাহাঙ্গীরের সমর্থক সহিবুর, ফয়সাল, বাদশা, কামাল, তাজ, নাদিমসহ একদল দুর্বৃত্ত পিস্তল, হকিস্টিক, রড, চাপাতি ও লাঠিসোঁটা নিয়ে বাড়িতে হামলা করে। হামলায় দাদি ফাতেমা বেগম (৭৬), চাচা মাসুদুর রহমান, আজিজুল হক, ফুফু রুবিনা বেগম, ভাই রিপনসহ ছয়জন গুরুতর আহত হন। এর মধ্যে কয়েকজন গুরুতর। এ বিষয়ে বাড্ডা থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও কোনো প্রতিকার পাইনি।’