এবার নেপালে করোনাভাইরাসে একজনের মৃত্যু

বাংলাদেশের প্রতিবেশী দেশ নেপালে করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে।

কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন থেকে জানা গেছে, ৩১ বছর বয়সী ওই যুবক ৫ জানুয়ারি উহান থেকে দেশে ফেরেন। তিনি সেখানে পিএইচডি করছিলেন।

শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ১৩ জানুয়ারি হাসপাতালে ভর্তি হলে ওষুধ দেওয়ার পর খানিকটা সুস্থ হন তিনি। পাঁচদিন বাদে বাড়ি ফেরেন। পরে আবার অসুস্থ হলে মারা যান।

নেপালি চিকিৎসকেরা নিহতের রক্তের নমুনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে পাঠিয়ে করোনাভাইরাস সম্পর্কে নিশ্চিত হয়েছেন।

উহান শহরে প্রথম লক্ষ্মণ দেখা দেয়ার পর এখন পর্যন্ত এ ভাইরাসে ৫৬ জন মারা গেছে এবং প্রায় ২০০০ মানুষ সংক্রমিত হয়েছে।

ভাইরাসটি ঠেকাতে ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা করছেন চীনের বিজ্ঞানীরা। রবিবার তারা সেই চেষ্টার পথে একধাপ এগিয়েছেন।

দ্য চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ঘোষণা দিয়েছে, গবেষকেরা ভাইরাসটি আলাদা করতে পেরেছেন। এখন সেটি পরিশ্রাবণ চলছে।

সেন্টারের প্রধান শু সাংবাদিকদের বলেন, উহান থেকে পাঠানো প্রথম চার নমুনা থেকে রোগের জন্য দায়ী প্যাথোজেন শনাক্ত করতে হাই-থ্রুপুট জেনেটিক সিকোয়েন্সিং ব্যবহার করা হয়েছে।