গাছ কাটার অভিযোগে দায়ের করা মামলায় পাবনার চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।
রবিবার বিকেল ৩টায় পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সালেহ্ মো. সালাহ্উদ্দিন খাঁ শুনানি শেষে এ আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, অধ্যক্ষ মিজানুর রহমানের বিরুদ্ধে একই কলেজের সহকারী অধ্যাপক আবদুল মান্নান কলেজের বেশকিছু পুরনো গাছ কাটার অভিযোগে আদালতে মামলা করেন। ওই মামলার তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেয় আদালত। তৎকালীন ইউএনও সরকার অসীম কুমার তদন্ত করে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন।
তার পরিপ্রেক্ষিতে আদালত অপরাধ আমলে নেয় এবং সমন জারি করে। মিজান উচ্চ আদালতের দেওয়া জামিনের মেয়াদ শেষে রবিবার পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা না মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।