কেরানীগঞ্জে নির্মাণাধীন দেয়াল ধসে শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও দুজন। গতকাল রবিবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার বোরহানীবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. বাবু (২৩) ও মো. রহিম (৭) । এদিকে গত শনিবার গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর ইনসাফ মার্কেটে গলায় ফাঁস দিয়ে এক নৈশপ্রহরী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, গতকাল রবিবার সকাল ১০টার দিকে বোরহানীবাগ এলাকায় বুলেট মিয়ার জায়গায় সীমানাপ্রাচীর নির্মাণ করছিলেন তিন শ্রমিক। এ সময় হঠাৎ দেয়ালটি ধসে পড়লে পথচারী এক শিশুসহ ওই তিনজন চাপা পড়েন। উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রহিম ও বাবুকে মৃত ঘোষণা করেন। আহত মো. রুবেল (২৮) মিটফোর্ড হাসপাতালে এবং মো. হারুন (৬৫) পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
গলায় ফাঁস দিয়ে নৈশপ্রহরীর আত্মহত্যা : দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর ইনসাফ মার্কেটে গলায় ফাঁস দিয়ে নৈশপ্রহরী মো. রফিকুল শেখ (৫২) আত্মহত্যা করেছেন। তার গ্রামের বাড়ি নওগাঁর কুষারপাড়া এলাকায়।
মার্কেটের ইনচার্জ মো. শরীফ জানান, দু-এক দিনের মধ্যে ছুটিতে রফিকুলের বাড়ি যাওয়ার কথা ছিল। তোফাজ্জল নামে একজনকে সঙ্গে রেখে তিনি কাজ বুঝিয়ে দিচ্ছিলেন। শনিবার রাত ৩টার দিকে তোফাজ্জলকে সিগারেট আনতে পাঠিয়ে মার্কেটের নিচে নামাজের স্থানে ফ্যানের সঙ্গে মাফলার দিয়ে ফাঁস দেন রফিকুল। দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মিজানুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।