সীমান্তে হত্যা বন্ধে আইনি নোটিস

সীমান্তে বিএসএফ (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যা ও নির্যাতন বন্ধে আইনি নোটিস পাঠানো হয়েছে। গতকাল রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন ডাক রেজিস্ট্রিযোগে স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালকসহ পাঁচজনের উদ্দেশে এ আইনি নোটিস পাঠান। সীমান্তে হত্যা বন্ধে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হলে উচ্চ আদালতে রিট আবেদনের মাধ্যমে প্রতিকার চাওয়া হবে বলে নোটিসে বলা হয়েছে। 

নোটিসে বলা হয়, ২৪ জানুয়ারি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী বাংলাদেশ-ভারত সীমান্তে তিন দিনে সাতজন বাংলাদেশি নিহত হয়েছেন। একটি মানবাধিকার সংস্থার তথ্য উদ্ধৃত করে নোটিসে বলা হয়, ২০০০ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিএসএফ কর্র্তৃক ১ হাজার ১৪৪ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নোটিসে বলা হয়, ভারতের সঙ্গে মোট ছয়টি দেশের সীমান্ত রয়েছে। সেগুলো হলোÑ চীন, পাকিস্তান, মিয়ানমার, নেপাল, ভুটান ও বাংলাদেশ। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিএসএফ প্রধানত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশিদের হত্যা করে থাকে এবং যুদ্ধ ব্যতীত ভারতের সঙ্গে অন্যান্য দেশের সীমান্তে এ ধরনের হত্যাকা- প্রায় শূন্য।

নোটিসে বলা হয়, বাংলাদেশ সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদ অনুযায়ী ‘আইনের আশ্রয় লাভের অধিকার’ এবং ‘জীবন ও ব্যক্তিস্বাধীনতা অধিকার রক্ষণ’ প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। অপরদিকে বাংলাদেশ সংবিধানের ৩৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের যথাযথ বিচার পাওয়ার অধিকার রয়েছে। সে ক্ষেত্রে সীমান্তে কোনো বাংলাদেশি নাগরিক কোনো অপরাধ করলে তার আইনগত অধিকার ও বিচার পাওয়ার অধিকার রয়েছে।