প্রধানমন্ত্রীর রান্না করা খাবারে আপ্লুত সাকিব

সাকিব আল হাসানের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহের প্রকাশ আগেও দেখা গেছে। কিন্তু এবার সেই প্রকাশ ঘটেছে অন্যভাবে। সাকিবের পছন্দের খাবার নিজে হাতে রান্না করে এবার প্রধানমন্ত্রী পাঠিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডারের বাসায়। প্রধানমন্ত্রীর এমন স্নেহমিশ্রিত সৌজন্যে আহ্লাদিত সাকিব পরিবার। বাসায় পাঠানো প্রধানমন্ত্রীর রান্না করা খাবারের ছবি পোস্ট করেছেন সাকিব। জানিয়েছেন শনিবার প্রধানমন্ত্রীর বাসায় বেড়াতে যাওয়ার খবরও। নিজের স্ত্রী-কন্যার সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সাকিব লিখেছেন, ‘পৃথিবীতে আমিই সবচেয়ে ভাগ্যবান মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে আমি নির্বাক, তার হাতের রান্না করা সুস্বাদু খাবার খেলাম। এসব তিনি সকালে নিজ হাতে রান্না করে আমার স্ত্রীর জন্য বাসায় পাঠিয়েছেন। গতকাল (শনিবার) তার বাসায় যাওয়ার পর সে (শিশির) নিজের পছন্দের খাবারের কথা জানিয়েছিল। ধন্যবাদ দিয়ে শেষ করতে পারব না। এই স্মৃতি আমার হৃদয়ে সারা জীবন অমলিন থাকবে। আমরা সত্যিই আশীর্বাদধন্য।’ সাকিবের স্ত্রী শিশিরও নিজের ফেসবুক, টুইটার ও ইন্সটাগ্রাম পেজে লিখেছেন, ‘এর চেয়ে বেশি ধন্য হতে পারতাম না। মাননীয় প্রধানমন্ত্রী যখন শতব্যস্ততার মাঝেও সময় বের করে আমার জন্য রান্না করে খাবার পাঠান, এর চেয়ে তৃপ্তিকর উপায়ে খাওয়ার কথা চিন্তাও করা যায় না। কাল (শনিবার) তার (প্রধানমন্ত্রী) সঙ্গে দেখা করতে গেলে জানতে চেয়েছিলেন, আমার পছন্দের খাবার কী কী। তিনি বলেছিলেন, নিজ হাতে খাবার রান্না করে পাঠিয়ে দেবেন! আমি এখন সত্যি সত্যিই আনন্দে দিশেহারা। আমার জীবনে সেরা মধ্যাহ্নভোজ। এত ভালোবাসা ও আদরের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে পারব না।’