হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাবেন কোবি, ৭ বছর আগেই ভবিষ্যদ্বাণী!

মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় রবিবার প্রাণ হারিয়েছেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি বাস্কেটবল তারকা কোবি ব্রায়ান্ট। ৪১ বছর বয়সী এই তারকার মৃত্যুতে শোকস্তব্ধ ক্রীড়া বিশ্ব। কোবি ব্রায়ান্টের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে মাতম। বিখ্যাত সব ক্রীড়াবিদরা শোক প্রকাশ করে চলেছেন।

এর মধ্যে ২০১২ সালে করা এক টুইটার ব্যবহারকারীর ‘মর্মান্তিক টুইট’ ভাইরাল হয়েছে। ‘ডটনোসো’ নামের টুইটার অ্যাকাউন্ট থেকে ২০১২ সালের ১৪ নভেম্বর একটি টুইট করা হয়েছিল। যাতে লেখা হয়েছিল- বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্ট হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাবেন।

‘কোবি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাচ্ছেন।’- ঠিক এভাবেই লিখেছেন তিনি। জঘন্য এই ভবিষ্যদ্বাণীটা মিলে গেল সাত বছর পর। হেলিকপ্টার দুর্ঘটনাতেই প্রাণ হারালেন পাঁচবারের এনবিএ চ্যাম্পিয়ন কোবি ব্রায়ান্ট।

সাত বছর আগে যখন এই ভবিষ্যদ্বাণীটা করেছিলেন সেই টুইটার ব্যবহারকারী, তখন তার ফলোয়ারদের সমালোচার শিকার হয়েছিলেন। সোমবার কবি ব্রায়ান্টের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ‘ডটনোসো’ নামের টুইট ব্যবহারকারী ক্ষমা চান আগের সেই টুইটের জন্য। একই সঙ্গে ব্রায়ান্টের মৃত্যুর খবর জানতে পেরে মিথ্যা বলেও বারবার টুইট করছিলেন।

দুর্ঘটনায় ব্রায়ান্টের ১৩ বছরের কন্যা ছাড়াও আরো সাত জন প্রাণ হারিয়েছেন। তারা লস অ্যাঞ্জেলেসের মামবা স্পোর্টস একাডেমিতে যাচ্ছিলেন। ব্রায়ান্টের মেয়ে জিয়ান্না ব্রায়ান্টও সম্ভাবনীয় বাস্কেটবল খেলোয়াড় ছিলেন। ২০১৬ সালে অবসরে যাওয়ার পর কবি ব্রায়ান্ট তার মেয়ের একাডেমির কোচ হিসেবে কাজ করছিলেন।