জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক সমিতির নির্বাচনে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম সমর্থিত ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ ১৫টি পদের মধ্যে সভাপতিসহ ৯টি পদে জয় পেয়েছে। অন্যদিকে ভিসিবিরোধী ‘সম্মিলিত শিক্ষক সমাজ’ থেকে সম্পাদক, যুগ্ম সম্পাদক ও চার সদস্য নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে ভোট গণনা শেষে নির্বাচনের এই ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ কে এম আবুল কালাম আজাদ।
নির্বাচনের ঘোষিত ফল অনুযায়ী, সভাপতি পদে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের প্রার্থী পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এ মামুন ২৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সম্মিলিত শিক্ষক সমাজের প্রার্থী ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. সোহেল রানা পেয়েছেন ২৬৫ ভোট। এছাড়া অন্যান্য পদের মধ্যে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সহ-সভাপতি প্রার্থী অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মোতাহার হোসেন, সদস্য অধ্যাপক ইসমত আরা, মাহফুজা খাতুন, মো. ফখরুল ইসলাম, অধ্যাপক বশির আহমেদ, অধ্যাপক আহমেদ রেজা ও হুসাইন মো. সায়েম নির্বাচিত হয়েছেন।