বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও হামলা করে সরকার নির্বাচনী মাঠ ফাঁকা করতে চায় বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ অভিযোগ করেন তিনি। এ সময় ইশরাক নির্বাচিত হলে জনগণের খেদমত ও তাদের উন্নয়নে নিজের জীবন উৎসর্গ করবেন বলেও প্রতিশ্রুতি দেন।
ইশরাক বলেন, ‘আমাদের ওপর হামলার পর আমাদের নেতাকর্মীদের নামেই মামলা দেওয়া হয়েছে। ওয়ারী থানা পুলিশ এরই মধ্যে পাঁচজনকে গ্রেপ্তারও করেছে। হামলার বিষয়টি আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি।’
তিনি আরও বলেন, ‘এতদিন আমি শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে এসেছি। আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে দেখা হলে আমি কুশল-বিনিময় করেছি। কিন্তু রবিবার একটি অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে যায়। আমি বাসায় যাওয়ার পথে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী ও সমর্থকরা ন্যক্কারজনক হামলা চালান। সাংবাদিকসহ অনেকে আহত হন। আমরা আশঙ্কা করেছিলাম যে হামলা-মামলা দিয়ে মাঠ ফাঁকা করে দেওয়া হতে পারে। সেই প্রক্রিয়া শুরু হয়েছে।’
বিএনপির এই মেয়র প্রার্থী বলেন, ‘আমি শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ায় বিশ্বাসী। সাংবাদিকদের মাধ্যমে আমি আহ্বান জানাতে চাই, আগামী দিনগুলোতে যাতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে; সেই উদ্যোগ গ্রহণ করা হয়। নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দিন। অতীতের মতো ঘটনা যাতে আর না ঘটে।’ এ সময় তার নির্বাচনী কার্যক্রমসহ সার্বিক সহযোগিতার জন্য গণমাধ্যমকে ধন্যবাদ জানান তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, তৈমূর আলম খন্দকার, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম ও ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ শ্যামল দত্ত, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবদুস শহীদ প্রমুখ।
এরপর ইশরাক ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। পরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। দুপুরে ইশরাক রাজধানীর খিলগাঁওয়ের জোড়পুকুর পাড় এলাকায় জনসংযোগ করেন।
এদিকে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও প্রয়াত বিএনপি নেতা সাদেক হোসেন খোকার স্ত্রী ইশমত আরা গতকাল তার ছেলে ইশরাকের জন্য গণসংযোগ করেন। এ সময় তিনি ছেলের জন্য ভোট ও বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চেয়ে সবার কাছে দোয়া চান। গণসংযোগকালে ইশমতের সঙ্গে তার ছোট ছেলে ইশফাক হোসেনসহ পরিবারের সদস্য ছাড়াও ছিলেন বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা ও মহিলা দলের নেতাকর্মীরা।