বাংলাদেশকে হারিয়ে স্বস্তি পাচ্ছেন মিসবাহ

টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের বিপক্ষে দলের দাপুটে পারফরম্যান্সে খুব খুশি পাকিস্তান কোচ কাম প্রধান নির্বাচক মিসবাহ-উল-হক। এক বছরের বেশি সময় পর দলের টি-টোয়েন্টি সিরিজ জয়ে স্বস্তি পাচ্ছেন তিনি।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম দুই ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেট ও ৯ উইকেটে হারায় পাকিস্তান। সোমবার তৃতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও ২-০ ব্যবধানে সিরিজটি নিজেদের করে নেয় তারা। এই সিরিজ জয়ে টি-টোয়েন্টিতে শীর্ষস্থান ধরে রেখেছে পাকিস্তান।

দলের এমন শ্রেষ্ঠত্বে স্বস্তি পাচ্ছেন বলে জানালেন মিসবাহ, “অবশ্যই, জয়ের জন্যই আপনি সবসময় খেলেন। জয় পেতে আপনি সবসময় চেষ্টা চালিয়ে যান।”

“স্বস্তি পেতে এই জয় আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। কোন কোন জায়গায় ঘাটতি আছে এখন সেসবে নজর দেওয়া যাবে। এসব জায়গায় শক্তি বাড়ানো যাবে।”

“অন্যথায় চাপে থেকে আপনাকে অনেক বিষয়ের পেছনে ছুটতে হয়। এটা সত্যিই কঠিন। তাই এই জয় আমার জন্য, দলের জন্য ও দলের সব তরুণ খেলোয়াড়ের জন্য ভালো হয়েছে। আত্মবিশ্বাস বাড়বে। এখন আমরা আরও ভালো কিছু করার জন্য এগিয়ে যেতে পারব।”