আশুলিয়ায় পোশাক শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ

আশুলিয়ায় এক পোশাক শ্রমিক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে আসাদুল শেখ (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয়।

আটক আসাদুল শেখ নাটোর জেলার সদর থানার তেবাড়ীয়া গ্রামের সাদেক আলী শেখের ছেলে। সে আশুলিয়ার বাইপাইল বসুন্ধরাটেক এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল।

অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার বিকেলে ধর্ষণের শিকার ওই নারী তার পাওনা টাকা আদায়ের জন্য বাইপাইল বসুন্ধরাটেক এলাকার বাবর আলীর বাড়ির ম্যানেজার মুসলিম উদ্দীনের বাসায় যায়। এ সময় অভিযুক্ত আসাদুল শেখ ও তার ৫ জন সঙ্গী মিলে ভুক্তভোগীকে ভয় দেখিয়ে জোরপূর্বক একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে ওই নারী অসুস্থ হয়ে পরলে তার সঙ্গে থাকা ২৫ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক জিয়াউল ইসলাম (অপারেশন) জানান, ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে আসাদুল শেখকে আটক করা হয়েছে। তাকে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে।