আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা বয়কট করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। তারা উপজেলা চেয়ারম্যানের প্রতি অনাস্থা এনে ‘কয়েকটি দাবি’ পূরণ না হওয়া পর্যন্ত তার সভাপতিত্বে কোনো সভায় যোগ দেবেন না বলে জানিয়ে এসেছেন। এদিকে উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মর্তুজা হাসান বলেছেন, চেয়ারম্যানদের বয়কটের কোনো ঘটনাই ঘটেনি।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের সমন্বয় সভা চলাকালে গত সভার রেজুলেশন সংশোধন ও এডিপি প্রকল্প অনুমোদন না করা নিয়ে প্রশ্ন তোলেন উপজেলার পাঁচ ইউনিয়নের চেয়ারম্যানরা। সভায় কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান এর কোনো সদুত্তর দিতে না পারায় তারা সভা বয়কট করে বের হয়ে আসেন। তবে, উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান সভা বয়কটের কথা অস্বীকার করে বলেন, ‘কিছু ঝামেলা হয়েছিল। আমরা এখন এক সঙ্গে চা খাচ্ছি।’