চুয়াডাঙ্গার জীবননগরের শিংনগর সীমান্ত এলাকা থেকে প্রায় দেড় কেজি ওজনের স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। গত সোমবার দুপুরে উপজেলার শিংনগর সীমান্তের হালদারপাড়া থেকে এসব স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ৭৩/৩-এস-এর ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিংনগর হালদারপাড়া এলাকায় চোরাকারবারিকে ধাওয়া দিলে সে একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তায় পাওয়া যায় ৭৮টি আংটি, ৬২ জোড়া কানের দুল, ৪০ জোড়া পাশা, ২১ জোড়া ঝুমকা, ৬টি ব্রেসলেট ও ৩টি গলার হার।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান বলেন, আটক অলংকার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।