রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপের অভিযোগে বর্তমান কমিটির প্রতি অনাস্থা ও অবাঞ্ছিত ঘোষণা করে পাল্টা কমিটি ঘোষণা করেছে ছাত্রলীগের একাংশ। গতকাল মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ বাপ্পা বলেন, বর্তমান কমিটি গঠনতন্ত্র অনুসরণ না করে বাঘাইছড়ি উপজেলা কমিটি বিলুপ্ত করেছে; যা তাদের এখতিয়ারের বাইরে। তিনি অভিযোগ করেন, বর্তমান কমিটির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে টেন্ডারবাজি, মাদক ব্যবসা ও চাঁদাবাজির বিভিন্ন অভিযোগও রয়েছে। যার কয়েকটি মামলা বর্তমানে বিচারাধীন। সংবাদ সম্মেলনে বর্তমান কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সংগঠনের সিনিয়র সহসভাপতি সাইফুল আলম রাশেদ ও যুগ্ম সম্পাদক মঈনুদ্দীন শাকিলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।