পাবনায় ধর্ষণ মামলার সাক্ষীকে পুলিশের সামনেই মারধরের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সদর থানার পরিদর্শক (তদন্ত) খাইরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার পাবনার অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আখতার দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ত্রাসীদের হামলা থেকে সাক্ষীকে বাঁচাতে ব্যর্থ হওয়ায় দায়িত্বে অবহেলা ও অদক্ষতার অভিযোগে খাইরুলকে প্রত্যাহার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত কমিটি পুলিশ হেডকোয়ার্টারে প্রতিবেদন জমা দিয়েছে। বিভাগীয় তদন্ত শেষে পুলিশ হেডকোয়ার্টার পরবর্তী ব্যবস্থা নেবে।
তিনি আরও জানান, ঘটনার সিসিটিভি ফুটেজ পরীক্ষা ও প্রত্যক্ষদর্শী এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে মঙ্গলবার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। এখানে প্রধানত দুটি বিষয় সামনে রেখে তদন্ত কমিটি কাজ করেছে। সেটি হলো পুলিশ মামলার সাক্ষ্য দিতে আসা ব্যক্তিকে আসামিপক্ষের হাতে তুলে দিয়েছে কি না। মামলায় সাক্ষ্য দিতে আসা ব্যক্তিদের নিরাপত্তায় পুলিশের গাফিলতি ছিল কি না।
তদন্ত কমিটি সাক্ষীকে আসামিপক্ষের সন্ত্রাসীদের হাতে তুলে দেওয়ার প্রমাণ পায়নি। তবে আক্রান্তদের বাঁচাতে পদক্ষেপ না নেওয়ায় পেশাদারি অদক্ষতা ও গাফিলতির বিষয়টি প্রমাণিত।
১৪ জানুয়ারি একটি ধর্ষণ মামলার তদন্তর জন্য আবদুল আলীম নামে এক যুবককে শহরের গাছপাড়া এলাকায় ডেকে নেন সদর থানার পরিদর্শক খাইরুল ইসলাম। এ সময় আসামির অনুসারী সন্ত্রাসীরা আলীমের ওপর আক্রমণ করে পিটিয়ে আহত করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ না নিয়েই খাইরুল ঘটনাস্থল থেকে চলে যান। পরে এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ২২ জানুয়ারি দেশ রূপান্তরে প্রতিবেদন প্রকাশিত হয়।