আজহারির মাহফিলে ইসলাম গ্রহণ: নেপথ্যে কী

বিতর্কিত ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে যে পরিবারের ইসলাম গ্রহণ নিয়ে বিতর্ক চলছে, তাদের ভারতে ফেরত পাঠানো হয়েছে।

২৪ জানুয়ারি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সেখানে একই পরিবারের মোট ১২ সদস্য এক সঙ্গে ইসলামে দীক্ষা নেয়ার পর এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। 

আলোচিত পরিবারটি এসেছিল ভারত থেকে। সেখানে হিন্দু ধর্মের অনুসারী ছিলেন তারা।

বাংলাদেশের পুলিশ এই পরিবারের ১২ জনকেই আটক করে। পুলিশ বলছে, ভারতীয় নাগরিক হিসেবে যে ভিসা নিয়ে তারা বাংলাদেশে ঢুকেছিলেন তার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সে কারণেই তাদের ভারতে ফেরত পাঠানো হয়েছে।

বিবিসি বাংলা জানায়, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পানপাড়া গ্রামে ২৪ জানুয়ারির মাহফিলটির আয়োজন করে স্থানীয় মসজিদ কমিটি। সেখানে ওয়াজ করেন মিজানুর রহমান আজহারী। 

সেদিন তার উপস্থিতিতে একটি পরিবারের মোট ১২ জন সদস্য ইসলামে দীক্ষা নেন। এর আগেও মিজানুর রহমান আজহারীর মাহফিলে ধর্মান্তকরণের ঘটনা ঘটেছে। এ নিয়ে বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় তার পক্ষে-বিপক্ষে অনেক বিতর্ক চলছে।

লক্ষ্মীপুরের ঘটনার ব্যাপারে পুলিশ কিছু অনুসন্ধান চালিয়ে বলছে, এই পরিবারটি বাংলাদেশি নয়, এরা সবাই এসেছে ভারত থেকে।

আর ওয়াজ মাহফিলের আয়োজকরা বলছেন, তারা যে ভারতীয় নাগরিক, সেটি তাদের জানা ছিল না।

১২ সদস্যের ধর্মান্তরিত পরিবারটির প্রধান হচ্ছেন মনির হোসেন। এর আগে ভারতে তিনি পরিচিত ছিলেন শংকর অধিকারী নামে।

পুলিশ জানিয়েছে, গত বছরের আগস্ট মাসে দুই মাসের ভিসা নিয়ে তারা বাংলাদেশে এসেছিল এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পর তারা অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছিল।

লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার এ এইচ এম কামরুজ্জামান জানিয়েছেন, এই পরিবারের প্রধান বাংলাদেশ জন্মগ্রহণ করেছিলেন। তার নাম মনির হোসেন। তাদের পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি ছোটবেলায় হারিয়ে যান। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে তিনি কীভাবে ভারতে গেলেন, তা তার জানা নাই। ভারতে হিন্দু পরিবারে বড় হয়েছেন এবং হিন্দু নারী বিয়ে করে সংসার করছিলেন। তিনি ভারতে নাম নিয়েছিলেন শংকর অধিকারী।

পুলিশ সুপার আরো জানান, এই ব্যক্তির স্ত্রী দু'জন এবং দুই ঘরে সন্তান সংখ্যা আটজন। একজন নাতিও আছেন। তাদের সবাইকে আমরা পাই ভারতীয় পাসপোর্টসহ। বেনাপোল বন্দর দিয়ে এরা বাংলাদেশে এসেছিলেন। সেদিক দিয়েই তারা আবার ফেরত গেছেন।

মনির হোসেন বা শংকর অধিকারীর মা ফাতেমা বেগমের সঙ্গে কথা বলতে পেরেছে বিবিসি বাংলা। লক্ষীপুরের রামগঞ্জের চন্ডীপুর ইউনিয়ন পরিষদের সদস্য তিনি।

ফাতেমা বেগম বলছিলেন, তার ছেলে হারিয়ে যাওয়ার ২৫ বছর পর তাদের মধ্যে যোগাযোগ হয় গত বছরের জুলাই মাসে। ঘটনাটি ছিল নাটকীয়। সে সময় শুধু গ্রামের নামে বা ঠিকানায় একটি চিঠি পাঠিয়েছিল মোবাইল নাম্বার দিয়ে। একজন পোস্টমাস্টারের চেষ্টায় সেই নাম্বারের মাধ্যমে তাদের যোগাযোগ হয়। এরপর তার ছেলে পরিবার নিয়ে গত বছরের আগস্টে দেশে আসে।

ফাতেমা বেগম জানিয়েছেন, তার ছেলে পরিবারের সদস্যদের নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে বাংলাদেশেই থাকতে চেয়েছিল। 
তবে তিনি বলেছেন, মাহফিলে তার ছেলে কীভাবে গিয়ে ধর্মান্তরিত হয়েছে তা তার জানা নাই।

তিনি আরো বলেন, 'আমার ছেলে দুই বউসহ সন্তানদের নিয়ে আসার পর তারা হিন্দু হওয়ায় আমি তাদের আমার সঙ্গে না থেকে অন্য এলাকায় থাকতে বলেছিলাম। তারা কেরাণীগঞ্জে বসবাস করছিল ছয় সাত মাস ধরে। তারা মক্তবে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল এবং এরপর তাদের ঐ মাহফিলে নিয়া কালিমা পড়ায়।'

ওই মাহফিলে আয়োজকদের অন্যতম একজন মোহাম্মদউল্লাহ দাবি করেছেন, পরিবারটিকে ধর্মান্তরিত করার ক্ষেত্রে তারা জোর করেননি। তাদের নাগরিকত্বের ব্যাপারেও জানা ছিল না বলে তিনি উল্লেখ করেছেন। পরিবারটির প্রধান মাহফিলের একদিন আগে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। এরপর মাহফিলের দিন তারা এফিডেভিট এর কপিসহ আইনজীবী নিয়ে এসেছিলেন।তাদের আইনজীবী ধর্মান্তরিত হওয়া সর্ম্পকিত সেই এফিডেভিট মাহফিলে পড়ে শোনান।

তিনি বলেন, তারা মিজানুর রহমান আজহারীর কাছে ধর্মান্তরিত হতে চেয়েছিলেন। কিন্তু আজহারী সাহেবকে যখন আমরা প্রস্তাব দেই, তখন উনি অপারগতা প্রকাশ করেন। কারণ কিছুদিন আগেও এরকম একজন বোন ধর্মন্তরিত হয়েছিলেন এবং তা নিয়ে আজহারী সাহেবের বিরুদ্ধে অপপ্রচার হয়েছিল। সেজন্য আমরা মঞ্চে থাকা আরেকজন আলমকে দিয়ে ঐ পরিবারকে কালিমা পড়ানো হয়েছিলো।

পুলিশ সুপার এ এইচ এম কামরুজ্জামান বলেছেন, কেউ তাদের জোর করে ধর্মান্তরিত করেছে, এমনটা আমরা পাইনি। কেউ বাধ্য করলে তখন আমরা আইনগত ব্যবস্থা নিতে পারতাম। এখানে তাদের ধর্মান্তরিত হওয়া না হওয়া আমাদের কাছে বিষয় ছিল না। আমাদের বিষয় ছিল, তারা ভারতীয় নাগরিক হয়ে অবৈধভাবে বাংলাদেশে ছিল।