করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য মাত্র দুদিনে হাজার শয্যার একটি হাসপাতাল তৈরি করেছে চীন সরকার। মধ্য চীনে ওই হাসপাতালটি গত মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে বলে জানিয়েছে দ্য ডেইলি স্টার।
দুদিনে নির্মিত হাসপাতালটি করোনাভাইরাসের উৎপত্তিস্থল উহান শহর থেকে ৪৬ মাইল দূরে অবস্থিত। হাসপাতালটিতে মঙ্গলবার চীনের স্থানীয় সময় ১০টা ৩০ মিনিটে প্রথম রোগী ভর্তি করা হয়েছে।
টানা কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রায় ৫০০ শ্রমিক দুদিনে এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করেছেন। কর্র্তৃপক্ষ জানায়, গত সোমবারই তারা হাসপাতালটিতে পানি, বিদ্যুৎ, ইন্টারনেট এবং বিছানার ব্যবস্থা করে। গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের শুরু হয়। ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩২ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছে প্রায় ছয় হাজার মানুষ। চীন ছাড়াও থাইল্যান্ড, ফ্রান্স, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়াসহ ১৯টি দেশে ৪৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।