যশোরে আনসার সদস্য হোসেন আলী হত্যা মামলার প্রধান আসামি জুয়েল (২৯) ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে যশোর সদর উপজেলার হাশিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল যশোর সদর উপজেলার হাশিমপুর গ্রামের আমজাদ মোল্লার ছেলে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, গত বছরের ৩০ নভেম্বর বেলা ১১টার দিকে হাশিমপুর বাজারে প্রকাশ্যে আনসার সদস্য হোসেন আলীকে গুলি করে হত্যা করে একদল সন্ত্রাসী।
ওই ঘটনায় গত ১৪ ডিসেম্বর সাতজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের প্রধান আসামি হাশিমপুর এলাকার জুয়েল ও মুন্নাকে গ্রেপ্তারের চেষ্টা চালায় ডিবি পুলিশ।
মঙ্গলবার রাতে কক্সবাজার থেকে আটক করা হয় জুয়েলকে। তার দেওয়া তথ্যমতে অপর আসামি মুন্নাকে ধরতে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে জুয়েলকে নিয়ে হাশিমপুর এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ।
এ সময় মুন্না ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে আসামি জুয়েল গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ওয়ান শুটারগান ও ১২টি গুলি উদ্ধার করেছে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।