অস্ত্রসহ ব্যাংক জালিয়াতি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ব্যাংক জালিয়াতির মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এদের মধ্যে একজন ইউপি সদস্যও রয়েছেন। নারায়ণগঞ্জে অবস্থিত র‌্যাব-১১ সদর দপ্তরের একটি দল গত বুধবার রাতে কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ থেকে অস্ত্র-গুলিসহ বিভিন্ন ব্যাংকের বিপুল পরিমাণ ভুয়া সিল, লেনদেনের রসিদ এবং জালিয়াতির কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে জানানো হয় এসব তথ্য।

আাটক ইদ্রিস মিয়া, ইউপি সদস্য মমিনুল ইসলাম, আবু বক্কর সালাফি ও রুবেল। তাদের বাড়ি কুমিল্লার বিভিন্ন থানায়।

র‌্যাব-১১-এর সিনিয়র সহকারী পরিচালক আলেপ উদ্দিন জানান, চক্রটি গত চার বছরে বিভিন্ন ব্যাংকের শাখা ও এটিএম বুথ থেকে কোটি টাকারও বেশি অর্থ অবৈধভাবে হাতিয়ে নিয়েছে বলে জানিয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।