রাজধানীর পৃথক স্থানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তরুণীসহ তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ে ঘটনাগুলো ঘটে। এর মধ্যে সায়েদাবাদ থেকে নাসিমা আক্তার হেনা (২৫), গুলিস্তান থেকে গোলাম মোস্তফা (৪০) ও মোশারফ হোসেনকে (২৭) অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ ও পথচারীরা।
ভুক্তভোগী মোস্তফার ভাই গোলাম রব্বানী বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ থেকে উৎসব পরিবহনের একটি বাসে গুলিস্তানে আসছিল মোস্তফা। বিকেল সাড়ে ৫টার দিকে তার অজ্ঞান পার্টির খপ্পরে পড়ার খবর পাই।’
যাত্রাবাড়ী থানার এসআই আতোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে নাসিমা আক্তারকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তিনি জানান, বলাকা বাসে করে সায়েদাবাদ যাওয়ার পথে পাশের এক যাত্রী তাকে জুস খেতে দিলে অচেতন হয়ে পড়েন তিনি। গুলিস্তান আহাদ পুলিশ বক্সের এএসআই সবুজ কান্তি দাস জানান, গুলিস্তান জিপিওর মোড়ে অচেতন অবস্থায় পড়েছিলেন মোশারফ হোসেন। ধারণা করা হচ্ছে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ভুক্তভোগীদের পাকস্থলী পরিষ্কারের পর সবাইকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।