চীনে প্রতিটা অঞ্চলে ছড়িয়ে পড়েছে নতুন করোনাভাইরাস। এখন পর্যন্ত মারা গেছে ২১৩ জন। আক্রান্ত হয়েছে সাড়ে নয় হাজারেরও বেশি।
ভাইরাসটির উৎপত্তিস্থল হুবেই প্রদেশের উহানসহ একাধিক শহর কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। আতঙ্কে মানুষ বাড়ির বাইরে বের হচ্ছেন না। রাস্তাঘাট প্রায় জনশূন্য থাকছে। বন্ধ আছে গণপরিবহণও।
ভাইরাস ঠেকাতে একাধিক নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ। ভিড়ে মধ্যে না যাওয়া, ঘরে মধ্যে থাকাসহ মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রো জানায়, ভাইরাস ছড়িয়ে যাওয়ায় জরুরি মাস্কের সংকট দেখা দিয়েছে। মেডিকেল শপ বা দোকানগুলোতে অনেক সময় মিলছে না মাস্ক। ফলে প্রাণ বাঁচাতে হাতের কাছে যাই পাচ্ছেন তাই মুখের মধ্যে সেঁটে দিচ্ছে মানুষ।
উহান, সাংহাইসহ চীনের একাধিক প্রদেশে এমন চিত্র দেখা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, কেউ বাতাবি লেবুর খোসাকে মাস্ক বানিয়ে মুখে লাগিয়েছেন। কেউ প্লাস্টিকের বোতল, আবার কেউ স্যানিটারি প্যাডও ব্যবহার করেছেন। ভাইরাস থেকে বাঁচতে নারীদের অন্তর্বাসও মাস্ক হিসেবে মুখে দিতে দেখা গিয়েছে একজনকে।
এদিকে, করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে সারা চীনসহ বিশ্বের ১৬টি দেশে। এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য সতর্কতা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দেড়টায় সুইজারল্যান্ডের জেনেভায় এক জরুরি বৈঠকের পরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসাস।
তবে ভাইরাসটি নিয়ে বিশ্ববাসীকে উদ্বিগ্ন না হওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।