যুক্তরাজ্যে প্রথম করোনাভাইরাস শনাক্ত

যুক্তরাজ্যে প্রথমবারের মতো ধরা পড়ল চীনের নতুন করোনাভাইরাস। দুই ব্রিটিশ নাগরিকের দেহে এই ভাইরাস সংক্রমণ হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।

বিবিসি জানায়, আক্রান্ত দুই ব্যক্তিই একই পরিবারের সদস্য। তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ তবে এ দুজনকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে চীন থেকে ৮৩ জন ব্রিটিশ নাগরিক ও আরও ২৭ জন বিদেশি নাগরিক চীনের উহান থেকে যুক্তরাজ্যে ফিরছে। দেশটিতে নামার পরপরই তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হবে। দুই সপ্তাহের পর্যবেক্ষণ শেষে ছাড়া হবে তাদের।

চীনে প্রতিটা অঞ্চলে ছড়িয়ে পড়েছে নতুন করোনাভাইরাস। এখন পর্যন্ত মারা গেছে ২১৩ জন। আক্রান্ত হয়েছে সাড়ে নয় হাজারেরও বেশি। যুক্তরাজ্যসহ ১৮টি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। চীনের বাইরে আক্রান্তের সংখ্যা ৯৮ জন।

ভাইরাসটির উৎপত্তিস্থল হুবেই প্রদেশের উহানসহ একাধিক শহর কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। আতঙ্কে মানুষ বাড়ির বাইরে বের হচ্ছেন না। রাস্তাঘাট প্রায় জনশূন্য থাকছে। বন্ধ আছে গণপরিবহণও।

এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য সতর্কতা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দেড়টায় সুইজারল্যান্ডের জেনেভায় এক জরুরি বৈঠকের পরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসাস।

তবে ভাইরাসটি নিয়ে বিশ্ববাসীকে উদ্বিগ্ন না হওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।