বাংলাদেশ ক্রিকেট লিগ- বিসিএল’র অষ্টম আসরের প্রথম দিনই দুর্দান্ত নেপুণ্য দেখালেন ফজলে মাহমুদ। দক্ষিণাঞ্চলের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। পাঁচ উইকেটের দেখা পেয়েছেন তার সতীর্থ পেসার শফিউল ইসলাম। পাঁচ উইকেটের দেখা পেয়েছেন পূর্বাঞ্চলের স্পিনার তাইজুল ইসলাম।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার উত্তরাঞ্চলের বিপক্ষে ফজলে মাহমুদের সেঞ্চুরিতে ২৬২ রানে প্রথম ইনিংস শেষ করে দক্ষিণাঞ্চল। ১৬৪ বলে খেলা মাহমুদের ১২৫ রানের ইনিংসটিতে রয়েছে সতেরোটি চার ও তিনটি ছক্কার মার।
অন্যদের মধ্যে মাহমুদউল্লাহ রিয়াদ ৩১, শামসুর রহমান ২৭ ও নুরুল হাসান সোহান ২৬ রান করেন।
উত্তরাঞ্চলের বোলারদের মধ্যে সুমন খান তিনটি, তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও আরিফুল হক দুটি করে উইকেট নেন।
জবাবে ৫ উইকেটে ৪৬ রানে প্রথম দিনের খেলা শেষ করে উত্তরাঞ্চল। পাঁচটি উইকেটই নেন পেসার শফিউল ইসলাম। এ জন্য দক্ষিণাঞ্চলের এই বোলার ছয় ওভার বোলিং করে দিয়েছেন মাত্র ৩০ রান!
ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দিনের অপর ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামা মধ্যাঞ্চলকে খুব বেশি সংগ্রহ পেতে দেননি পূর্বাঞ্চলের স্পিনার তাইজুল ইসলাম।
২১৩ রানে অলআউট মধ্যাঞ্চল। সর্বোচ্চ ৫৮ রান করেন ওপেনার সাইফ হাসান। অন্যদের মধ্যে তাইবুর রহমান ৪৬, সৌম্য সরকার ৩৬ ও সোহরাওয়ার্দী শুভ ৩১ রান করেন।
পূর্বাঞ্চলের বোলারদের মধ্যে তাইজুল পাঁচটি উইকেট নিতে দিয়েছেন মাত্র ৫৮ রান। দুটি করে উইকেট নেন আবু জায়েদ ও নাঈম হাসান।
জবাবে দুই বল খেলে কোনো রান না নিয়েই দিনের খেলা শেষ করেছে পূর্বাঞ্চল।