ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় লড়াই পুনরুজ্জীবিত করতে আলোচনা বসার জন্য এটাই উপযুক্ত সময় বলে মনে করেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি। প্রতিবেশী চির প্রতিদ্বন্দ্বী দল শীঘ্রই পাকিস্তান সফরে আসবে বলেও আশাবাদী এই অলরাউন্ডার।
আফ্রিদির মতে, পাকিস্তান প্রমাণ করেছে তাদের নিরাপত্তা ব্যবস্থা ভালো। নিকট ভবিষ্যতেই ভারত দলকে নিজেদের মাটিতে দেখার অপেক্ষায় আছেন ‘বুম বুম’ খ্যাত এই ক্রিকেটার।
২০১২ সাল থেকে ভারত-পাকিস্তান কোনো দ্বিপাক্ষীয় সিরিজ খেলছে না। ২০০৮ সালের পর একবারও পাকিস্তান যায়নি ভারত। পাকিস্তান তাদের বেশিরভাগ দ্বিপাক্ষিক সিরিজই আয়োজন করছে সংযুক্ত আরব আমিরাতের মাঠে।
পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি এখন বদলেছে বলে দাবি আফ্রিদির, “পুরো পাকিস্তান সুপার লিগ (পিএসএল) পাকিস্তানে অনুষ্ঠিত হওয়াটা অন্যান্য দেশগুলোর জন্য ভালো বার্তা। তাছাড়া বাংলাদেশ পাকিস্তান সফর করছে। এমনকি তারা টেস্ট খেলতেও আসছে। এসবের মানে আমাদের নিরাপত্তা পরিস্থিতি ভালো। আমি অপেক্ষা করছি, ভারত পাকিস্তানে আসবে এবং একটা সিরিজ খেলবে।”
এবারের এশিয়া কাপের আয়োজক হতে চায় পাকিস্তান। কিন্তু তা হলে ভারত খেলতে আসবে না বলে জানা গেছে। আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করা সম্ভব বলে মনে করেন আফ্রিদি।
“ভারত-পাকিস্তান উভয়কে রেখেই এশিয়া কাপ অনুষ্ঠিত হতে পারে। পাকিস্তান-ভারতের একসঙ্গে বসার এবং তৃতীয় পক্ষের অংশগ্রহণ ছাড়াই নিজেদের সমস্যাগুলো খুঁজে বের করার উপযুক্ত সময়। তাদের অনেক ইস্যু আছে। একবার একসঙ্গে তারা বসলে এসব বের করা সম্ভব। এশিয়া কাপ যেকোনো জায়গায় হোক তাতে ভারত ও পাকিস্তানের খেলতে হবে।”