বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান টেস্ট দল ঘোষণা

আজহার আলিকে অধিনায়ক করে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য ষোলো সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাতে ডাক পেয়েছেন কায়েদ-ই-আজম ট্রফিতে অসাধারণ পারফরম্যান্স দেখানো অফ-স্পিনার বিলাল আসিফ ও অলরাউন্ডার ফাহিম আশরাফ।

রাওয়ালপিন্ডিতে ৭ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি শুরু হবে টেস্ট। ম্যাচটি আন্তর্জাতিক টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত।

উল্লেখ্য, পাকিস্তানে প্রথম ধাপের সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে বাংলাদেশ। তাতে ২-০ ব্যবধানে হেরেছে তারা। দ্বিতীয় ধাপের সফরে রাওয়ালপিন্ডিতে স্বাগতিকদের সঙ্গে টেস্ট খেলবে বাংলাদেশ।

বাংলাদেশের তৃতীয় দফার সফর এপ্রিলে। ৩ এপ্রিল করাচিতে একটি ওয়ানডে খেলবে দুই দল। তার পর একই শহরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আরেকটি টেস্ট ৫ এপ্রিল থেকে।

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা দুই ম্যাচের টেস্ট দলে দুটি পরিবর্তন এনেছে পাকিস্তান। বাদ পড়েছেন অলরাউন্ডার কাশিফ ভাট্টি ও পেসার উসমান শিনওয়ারি। তবে টেস্টের পরিকল্পনা থেকে তাদের একেবারে বাদ দেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচক কাম প্রধান কোচ মিসবাহ-উল-হক। দু’জনকে প্রস্তুতি ও অনুশীলন চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কাশিফ শ্রীলঙ্কার বিপক্ষে দলে থাকলেও তাকে খেলানো হয়নি। রাওয়ালপিন্ডি টেস্টে লঙ্কানদের বিপক্ষে খেলেছিলেন উসমান। ৫৪ রানের বিনিময়ে নিয়েছেন মাত্র একটি উইকেট!

পাকিস্তান টেস্ট দল: আজহার আলি (অধিনায়ক), আবিদ আলি, আসাদ শফিক, বাবর আজম, বিলাল আসিফ, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস সোহেল, ইমাম-উল-হক, ইমরান খান সিনিয়র, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ ও ইয়াসির শাহ