নড়াইলের নড়াগাতী থানা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা এসএম খাজা নাজিম উদ্দীন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
খাজা নাজিম উদ্দীন দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, কিডনি ও ডায়াবেটিসজনিত জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী এবং দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা জানান, প্রবীণ এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাজা নাজিম উদ্দীনের জামাতা চৌধুরী শরিফুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, শনিবার বিকেল ৫টায় নড়াগাতীর পুটিমারীতে নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
খাজা নাজিম উদ্দীন নড়াগাতী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং খাসিয়ালী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।