নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টেও নেই পান্ডিয়া

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও থাকছেন না ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় তাকে এই সিরিজের জন্য বিবেচনা করা হবে না। শনিবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) পক্ষে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিউজিল্যান্ড সফরে এই মুহূর্তে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। প্রথম চার ম্যাচ শেষে ভারত সিরিজে ৪-০ তে এগিয়ে। টি-টোয়েন্টি সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দুই দল।

ভারতের হয়ে পান্ডিয়া সবশেষ খেলেছিলেন গেল বছর সেপ্টেম্বরে। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর অক্টোবরে তার পিঠে অস্ত্রোপচার করা হয়।

বিসিসিআই জানিয়েছে, ‘এখনো পর্যন্ত হার্দিক পুরোপুরি সুস্থ হয়। এনসিএতে (ন্যাশনাল ক্রিকেট একাডেমি) এখনো হার্দিকের পুনর্বাসন চলবে। পুরোপুরি ফিট না হওয়ার কারণে এখনই হার্দিক ২২ গজে ফিরতে পারছেন না।’