ফেইসবুকে বোর্ডের প্রশ্ন সরবরাহের প্রচারে গ্রেপ্তার ১

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে ২০২০ সালের মাধ্যমিক ও দাখিল পরীক্ষার প্রশ্নের কপি সরবরাহের প্রচার চালানোর অভিযোগে গাজীপুরে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাতে মহানগরীর বাসন থানার ইটাহাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহেল হোসেন আমান (২০) বগুড়ার ধুনট থানার এলাঙ্গী এলাকার শহীদুল হকের ছেলে। আমান ভাওয়াল বদরে আলম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। গতকাল শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাসন থানার ওসি নন্দলাল চৌধুরী জানান, সম্প্রতি ‘নাহিয়ান সানভি’ নামের ফেইসবুক আইডি থেকে ২০২০-এর মাধ্যমিক ও দাখিল পরীক্ষার বোর্ড প্রশ্নের কপি আগাম প্রদান করা হবে বলে প্রচারণা চালানো হয়। একটি মোবাইল নম্বর ও একটি বিকাশ অ্যাকাউন্ট নম্বর উল্লেখ করে ওই আইডি থেকে স্ট্যাটাস দেওয়া হয়, ‘এসএসসি পরীক্ষা-২০২০-এর প্রশ্ন যাদের লাগবে তারা দ্রুত মেসেজ দাও।’