ভয়ভীতি, হামলা, এজেন্টদের বের করে দেওয়া ও কেন্দ্র দখলের মাধ্যমে সকাল থেকেই ক্ষমতাসীনরা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করেছে দাবি করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)
নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, ‘বিভিন্ন কেন্দ্রে আমাদের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, একটি সুষ্ঠু নির্বাচনের দিকে আমরা যাচ্ছি না।’
গতকাল শনিবার সকাল ৮টার দিকে গুলশান মানারাত স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে ভোট দিয়ে বের হয়ে সাংবাদিকদের তাবিথ এসব কথা বলেন। এ সময় তিনি ভয়ভীতি ও হামলার চিত্র তুলে ধরে দিনের বাকি সময়ে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন।
তাবিথ বলেন, ‘আমার কেন্দ্রেই কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট পাইনি। ইভিএমও কাজ করেনি। আমার মা যে ইভিএমে ভোট দেন, সেটি ব্রেক ডাউন করে। ১৮ ও ৩৬ নম্বর ওয়ার্ড, কালা চাঁদপুর হাইস্কুল, বনানী মডেল স্কুলসহ বিভিন্ন কেন্দ্রে আমার পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। কিন্তু আমাদের শক্তি জনগণ। তাদের নিয়েই সারা দিন আমরা প্রতিকূল অবস্থার মোকাবিলা করব।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেখানে যে অনিয়ম আমরা পাচ্ছি, সঙ্গে সঙ্গে ইসি ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি।’
এরপর ধানের শীষের এই প্রার্থী বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর বনশ্রীর আইডিয়াল কলেজকেন্দ্রে গিয়ে নিজে ইভিএমে ভোট কারচুপি ধরেন বলে সাংবাদিকদের কাছে দাবি করেন। তাবিথ বলেন, ‘কেন্দ্রে গিয়ে দেখি একটি কক্ষের দরজা বন্ধ করে সহকারী প্রিসাইডিং অফিসার ইভিএমে ত্রুটির কথা বলে লোকজন নিয়ে নৌকা প্রতীকে ভোট দিচ্ছিলেন। আরেক কক্ষে গিয়ে দেখি ইভিএম থেকে একটি প্রিন্ট করে লুকানোর চেষ্টা করা হচ্ছে। এই কেন্দ্রে ৬টির মধ্যে দুটি ইভিএম নষ্ট পাওয়া যায়। অভিযোগ দিতে অনেকক্ষণ ঘুরেও কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে পাইনি।’