আজকের দিনে চীনে বাতিল করা হয়েছে অসংখ্য বিয়ে। সংখ্যার দিক দিয়ে আজকের দিনটি বিশেষ তারিখ বলা চলে। ০২-০২-২০২০ শুরু এবং শেষের দিকে পড়লে একই জিনিস তারিখ পাওয়া যাবে, সেটিকে বলা হয় প্যালিনড্রোম সংখ্যা। সাত বছর পর ক্যালেন্ডারে এমন প্যালিনড্রোম সংখ্যা পাওয়া গেল।
এমন অসাধারণ তারিখটিকে স্মরণীয় করে রাখতে অনেকে বিয়ে, প্রেমিকাকে প্রস্তাব, প্রিয়জনকে উপহার প্রদানসহ নানাভাবে উদ্যাপন করে থাকেন।
এই তারিখে চীনে বিপুলসংখ্যক বিয়ে নির্ধারিত হয়ে ছিল।দেশটিতে রবিবার অফিস বন্ধ থাকলেও এ বছর দেশটির রাজধানী বেইজিং, সাংহাইসহ অন্যান্য শহরে এই দিনে বিয়ে নিবন্ধন সেবা চালু রাখার ঘোষণা দিয়েছিল।
কিন্তু করোনাভাইরাস আতঙ্কে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া থেকে নাগরিকদের আপাতত বিবাহ বন্ধনে বিরত থাকার আহ্বান জানিয়েছে চীন সরকার।
শনিবার দেশটির নাগরিক কল্যাণবিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, চলতি বছরের ২ ফেব্রুয়ারি (০২-০২-২০২০) যারা বিয়ে নিবন্ধনের ঘোষণা দিয়েছেন কিংবা অঙ্গীকার করেছেন, তাদের সবাইকে এটি বাতিল করার পরামর্শ দেয়া হচ্ছে।
এদিকে শুধু বিয়ে নয়, শেষকৃত্য অনুষ্ঠানও দ্রুত সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে একদিনের ব্যবধানে চীনে আরও ৪৫ জন মারা গেছেন। সব মিলিয়ে রবিবার পর্যন্ত রহস্যময় করোনাভাইরাসে ৩০৪ জনের মৃত্যু হলো। আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩৮০ জন।
তবে যে হুবেই প্রদেশ থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে সেখানে এখন পর্যন্ত ৯ হাজার ৭৪ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। মারা গেছেন ২৯৪ জন।
আশার খবর হলো এই ভাইরাসের আক্রমণ থেকে এখন পর্যন্ত ৩২৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।