পুঁইছড়িতে বন্য হাতির আক্রমণে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়িতে বন্য হাতির আক্রমণে জহরলাল দেব কালাবাঁশি (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

শনিবার রাতে পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব নাপোড়ার হিমছড়ি পাহাড়ি এলাকা এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব নাপোড়া ৮ নম্বর ওয়ার্ডের রগুনাথ দেবের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে তিনটি হাতি পাহাড় থেকে নেমে জহর লাল দেবের বাড়ির সামনে আলুখেতে দাঁড়িয়ে ছিল। তিনি বিষয়টি অন্ধকারে টের না পেয়ে হাতির খুব কাছে চলে যান। নাগালে পেয়ে হাতির দল তার ওপর আক্রমণ করে। ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীয় ইউপি সদস্য শেয়ার আলী বলেন, জহরলালের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তার স্ত্রী কমলা রাণী দেব অন্তঃসত্ত্বা। তিনি বাক্‌প্রতিবন্ধীও। জহরলাল মারা যাওয়ায় তার পরিবারটি নিঃস্ব হয়ে গেছে। এলাকার লোকজন মিলে সাহায্য করার চেষ্টা করা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, রাত দেড়টায় ক্ষতবিক্ষত অবস্থায় জহর লাল দেবকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ ব্যাপারে জলদী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, খাদ্যসংকট ও আবাসস্থল দখল হওয়ার কারণে হাতিরা বেপরোয়া হয়ে বারবার লোকালয়ে চলে আসছে।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, প্রাথমিকভাবে নিহতের পরিবারকে সরকারি তহবিল থেকে ২০ হাজার টাকা সহায়তা করা হবে। পরে এক লাখ টাকার এককালীন একটি অনুদান দেওয়া হবে।