শরীয়তপুরের জাজিরা প্রান্তের পদ্মা সেতুতে ২৩তম ‘৩-এফ’ নামের স্প্যানটি ৩১ ও ৩২ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে। স্প্যানটি বসানোর ফলে দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৩ হাজার ৪৫০ মিটার।
গতকাল রবিবার দুপুর ২টার দিকে ২৩তম স্প্যানটি বসানো হয়। ২২তম স্প্যান বসানোর ১২ দিনের মাথায় ২৩তম স্প্যানটি বসানো হলো।
পদ্মা সেতু প্রকল্পের উপসহকারী প্রকৌশলী হুমায়ূন কবীর জানান, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ১৫০ মিটার দৈর্ঘ্য ও ৩ হাজার ১৪০ টন ওজনের ২৩তম স্প্যানটিকে বসানোর জন্য ৩ হাজার ৬০০ টন ধারণক্ষমতার ‘তিয়ান-ই’ ভাসমান ক্রেন দিয়ে মুন্সীগঞ্জের মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে বেলা সাড়ে ১১টার দিকে জাজিরা প্রান্তের ৩১ ও ৩২ নম্বর পিলারের কাছে আনা হয়।