ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড ‘ফুলিশ’ ও ‘স্টুপিড’ ক্রিকেট খেলেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।
সিরিজের প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি যথাক্রমে ছয় ও সাত উইকেটে জিতেছিল ভারত। পরের দুই টি-টোয়েন্টিতে জয় এসেছিল সুপার ওভারে। আর শেষ টি-টোয়েন্টিতে ১৬৩ রানের পুঁজি নিয়ে জিতে যায় ভারত। কোহলির ভারতই বিশ্বের প্রথম দল যারা টি-টোয়েন্টি সিরিজ জিতল ৫-০ ব্যবধানে।
নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব এই সিরিজ নিয়ে আলোচনায় বলেন, ‘বোকার মতো ক্রিকেট। নিউজিল্যান্ডকে যেভাবে হারতে দেখলাম তাকে আর অন্য কিছু বলতে ইচ্ছা করছে না। আমার মনে হয়, নিউজিল্যান্ডের উচিত বল-প্রতি রান পরিস্থিতিতে কীভাবে ব্যাট করতে হয় তা শেখা। পাঁচ টি-টোয়েন্টির মধ্যে দুটি ওরা টাই করেছিল। আর শেষ ম্যাচে বল-প্রতি রানও প্রায় ছিল না। অথচ তার পরও ওরা হেরে গেল।’
শোয়েব বলেছেন, ‘আমি বুঝতে পারছি না যে, নিউজিল্যান্ড ঠিক কী করছে। ওরা বার বার এক ওভারে বেশি উইকেট হারিয়ে বসছে। রস টেলরের মতো সিনিয়র ক্রিকেটারও ম্যাচ শেষ করে আসতে পারছে না, এটা দেখাও যন্ত্রণার। আমার কাছে পুরোটাই বোকামি লেগেছে। জানি না ওরা কোন ব্র্যান্ডের ক্রিকেট খেলছে। ওদের বুদ্ধিহীন ক্রিকেট দেখাও কষ্টকর।’
ভারতীয় বোলারদের উচ্ছ্বসিত প্রশংসাও করেছেন শোয়েব। তার মতে দলের এক্স ফ্যাক্টর হলেন জশপ্রীত বুমরা।
শোয়েবের কথায়, ‘বুমরা, নবদীপ সাইনি ও শার্দুল ঠাকুররা সকলেই দারুণ। তবে এক্স-ফ্যাক্টর বুমরাই। এই ভারতীয় দল দক্ষতার সঙ্গে চাপ সামলাচ্ছে। তবে আবার বলছি, নিউজিল্যান্ডের ক্রিকেট আমাকে হতাশ করেছে।’