অনুবাদে নোবেলজয়ী বিজ্ঞানী রিচার্ড ফাইনম্যানের ‘সিক্স ইজি পিসেস’

এবারের অমর একুশে বইমেলায় বের হয়েছে আলী রেজা পিয়াল এবং আশরাফী নিতুর যৌথ অনুবাদে রিচার্ড ফাইনম্যানের ‘সিক্স ইজি পিসেস’। 

বইটি নোবেল বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী ফাইনম্যানের লেকচার সিরিজ। প্রকাশ করেছে গ্রন্থিক প্রকাশন। প্রচ্ছদ সারাজাত সৌম। বইমেলায় গ্রন্থিক-২১১ নম্বর স্টলে পাওয়া যাবে

বইটি প্রসঙ্গে অনুবাদক আলী রেজা পিয়াল বলেন, ‘বিজ্ঞান জিনিসটা সব সময় সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য। এই দুর্বোধ্যতা কমিয়ে বিজ্ঞানের ভেতরে যে এক মজাদার এবং কৌতূহলপূর্ণ পৃথিবী লুকিয়ে আছে তা মানুষকে জানানোর চেষ্টা করেছেন অনেকেই। এবং সেই সব শিক্ষকদের কথা স্মরণ করলে সবার আগে স্মরণ করতে হয় রিচার্ড ফাইনম্যানের কথা। সিক্স ইজি পিসেস বইটি ফাইনম্যানের ছয়টি লেকচার দিয়ে সাজানো। যেখানে ফাইনম্যান উচ্চতর গণিত না জানা বা বিজ্ঞান সম্পর্কে গভীর জ্ঞান না থাকা মানুষকে বুঝিয়েছেন পদার্থবিদ্যার বিভিন্ন কঠিন জিনিস। ফাইনম্যান নিজেই বলতেন-তুমি যদি কোনো বিষয় একটা বাচ্চাকে বোঝাতে না পারো, তাহলে তুমিও বিষয়টা বোঝো না। এই বই অনুবাদ হলে অনেকেই ফাইনম্যানের চিন্তাভাবনার ধরন, পৃথিবীকে দেখার দর্শন সম্পর্কে জানতে পারবে। এবং বলা যায় পদার্থবিদ্যার ইতিহাসের সবচেয়ে সফল শিক্ষকের কাছ থেকে পদার্থবিদ্যা সম্পর্কে শিখতে পারবে।’

তিনি আরও বলেন, ‘এই বইটি আমি এবং আশরাফি নিতু অনেকটা নিজেদের মতো করেই অনুবাদ করার চেষ্টা করেছি। কারণ সে সময়ে ( ১৯৬৩) ফাইনম্যান পৃথিবীকে যেভাবে দেখেছেন তার অনেক কিছুই বর্তমানে বদলে গেছে। তবে ভৌত ধারাগুলো এখনো অতটা বদলায়নি। প্রাঞ্জলতার খাতিরে আমরা এই বইয়ের ছোটখাটো কিছু জটিল বিষয় এড়িয়ে গেছি। তা ছাড়া ফাইনম্যান বিভিন্ন বিষয় গল্পের ছলে যেভাবে বুঝিয়েছেন সেই গল্পের ছন্দ বজায় রাখার জন্য সেসময়ের প্রতিষ্ঠিত সত্য কিন্তু বর্তমানে আর প্রচলিত নয় এমন কিছু টার্ম বইয়ে স্থান পেয়েছে। সেগুলো আর পরিবর্তন করা হয়নি।’

আলী রেজা পিয়াল এবং আশরাফী নিতু দুজনেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিভাগের শিক্ষার্থী। বিজ্ঞান চিন্তা ও লেখালেখির ভাবনা থেকে বইটি অনুবাদে হাত দেন তারা।