ডা. মাহবুবুর রহমানের ‘লেতা সেমোয়া’ বইয়ের প্রকাশনা উৎসব 

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০৭:৩১ পিএম

ইউরোপের ইতিহাস, শিল্প-সংস্কৃতি ও ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে ডা. মাহবুবুর রহমানের লেখা প্রথম গ্রন্থ ‘লেতা সেমোয়া’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মার্চ)  বিকেলে বিশ্বসাহিত্য কেন্দ্রের ৮ম তলার বাতিঘর প্রকাশনীতে বইটি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন লেখক ও অতিথীরা।

প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এস এম মাহমুদুল হক পল্লব ও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থ-মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নজরুল ইসলাম।

বইটি সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রধান অতিথি এস এম মাহমুদুল হক বলেন, অধিকাংশ সময় লেখকের সফরসঙ্গী হিসেবে আমার থাকার সুযোগ হয়েছে। তিনি ঘুরতে খুব পছন্দ করেন। পছন্দের জায়গাগুলোকে ভ্রমণ করার সময় তিনি গুরুত্ব সহকারে তা অনুধাবন করেন। এ বিষয়গুলো আমি খুব কাছ থেকে দেখেছি। তার বইতে মূলত ইউরোপের বিভিন্ন দেশের দর্শনীয় স্থানগুলোর বর্ণনা পাওয়া যাবে। একজন ভ্রমণপিপাসু এ বই পড়ে ইউরোপের ইতিহাস, শিল্প-সংস্কৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন।’

অনুষ্ঠানে বইয়ের লেখক ডা. মাহবুবুর রহমান বলেন, ফ্রান্সের ইতিহাস, রাজাদের ইতিহাস, তারা কি খায়, কি ধরনের পোষাক পরে, তাদের সংস্কৃতিসহ সব খুটিনাটি বিষয় বইটিতে তুলে ধরার চেষ্টা করেছি। একইসঙ্গে ইউরোপ ভ্রমণের একটি ধারণা পাওয়া যাবে। ফরাসি ভাষার প্রথম পাঠ হিসেবে পাঠকরা বইটিকে নিতে পারেন। এছাড়াও আপনার ভ্রমণ গাইড মনে করতে পারেন। 

তিনি আরও বলেন, ইউরোপের শিল্পকলার ইতিহাস, রেনেসাঁ, বারোক, নিওক্লাসিকাল, রোমান্টিক, ইমপ্রেশনিজম, পোস্ট-ইমপ্রেশনিজম এসব শিল্পরীতির পরিচয় পাওয়া যাবে। পাশাপাশি নেপোলিয়ন বা লেওনার্দো দা ভিঞ্চির জীবনী হিসেবে নিতে পারেন বইটিকে। আল্পস অতিক্রম কি দেবত্বের জৌলুস নাকি নেপোলিয়নের মানবিক সংগ্রামের প্রতিচ্ছবি? মোনালিসা কি শেষ পর্যন্ত মাতৃরুপ ভিঞ্চি? সবকিছুকে ছাপিয়ে যাবে বিশ্লেষণ। কিছুক্ষণের মধ্যে নিজেই জড়িয়ে যাবেন তাতে। বইটা শেষ হলে আপনি পেয়ে যাবেন আপনার বিশ্ববীক্ষা। আপনার শিল্পদর্শন। বিশেষ করে কেউ ফ্রান্স ভ্রমণ করতে চাইলে এটি তার জন্য খুবই সহায়ক হবে। এছাড়া যেকোনো শ্রেণির ছাত্ররা এটি পড়ে অজানা ইতিহাস সম্পর্কে জানতে পারবেন।

লেখক ডা. মাহবুবুর রহমানের পড়াশোনা হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, নটরডেম কলেজ ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়ায়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে করেছেন এম.বি.এ। বর্ণাঢ্য পেশাগত জীবন কাটিয়েছেন দেশী ও বিদেশি ওষুধ শিল্পের বিপণন বিভাগের শীর্ষ পদে। লেখালেখির সাথে তার বসবাস বহুকালের। ইউরোপের ইতিহাস, শিল্প ও সংস্কৃতির ওপর তার রয়েছে বিশদ পড়াশোনা ও ভ্রমণ অভিজ্ঞতা। পৃথিবীতে ঘুরে বেড়িয়েছেন বিস্তর; কখনো পেশাগত কাজে, কখনো শুধু ভ্রমণের নেশায়।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত