সুন্দরবনের গহিনে অবস্থিত কবরখালি খালের চর থেকে একটি রয়েল বেঙ্গল টাইগারের মরদেহ উদ্ধার করেছেন বনরক্ষীরা।
সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কোকিলমনি টহল ফাঁড়ি সংলগ্ন কবরখালি খালের চর থেকে ওই বাঘটির মরদেহ উদ্ধার করা হয়।
বনবিভাগ সূত্র জানায়, মৃত্যুর কারণ জানতে বাঘের মাথা সংগ্রহ করে ঢাকার বন্যপ্রাণী পরীক্ষাগারে পাঠানো হবে। উদ্ধার হওয়া বাঘটির পেছনের দুই পাসহ অর্ধেক অংশ খাওয়া থাকায় বাঘের দৈর্ঘ্য-প্রস্থও নিশ্চিত হওয়া যায়নি।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. বেলায়েত হোসেন এই প্রতিবেদককে বলেন, কোকিলমনি টহল ফাঁড়ির বনরক্ষীরা নিয়মিত টহল দেয়ার সময় কবরখালি খাল এলাকার চরে একটি বাঘকে মৃত অবস্থায় দেখতে পায়। তখন তারা ওইখানে নেমে বাঘটিকে উদ্ধার করে।
তিনি জানান, মৃত বাঘটির পেছনের দুই পাসহ অর্ধেকটা খাওয়া। মাথা দেখে ধারণা করা হচ্ছে বাঘটি রোগাক্রান্ত ও রুগ্ণ ছিল। তার বয়স হবে আনুমানিক ১৫ থেকে ১৬ বছর। বাঘ সাধারণ ১৬ থেকে ২০ বছর বয়স পর্যন্ত বাঁচে। বয়সের কারণে বাঘটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাঘটি মারা যাওয়ার পর খালের কুমির বাঘের পেছনের অংশ খেয়ে ফেলে থাকতে পারে। পেছনের অংশ না থাকায় মৃত বাঘটি নারী নাকি পুরুষ তা নিশ্চিত হওয়া যায়নি। বাঘটির মৃত্যুর কারণ জানতে তার মাথা সংগ্রহ করে ঢাকার বন্যপ্রাণী পরীক্ষাগারে পাঠানো হচ্ছে।
এর আগে ২০১৯ সালের ২০ আগস্ট সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ছাপড়াখালীর বন থেকে একটি মৃত বাঘ উদ্ধার করেছিল বনবিভাগ।