চীন সীমান্ত বন্ধে হংকংয়ে ধর্মঘট

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে সীমান্ত বন্ধের দাবিতে ধর্মঘট শুরু করেছে হংকংয়ের বিভিন্ন হাসপাতালের কর্মীরা। স্বাস্থ্যকর্মীদের দাবি, সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হোক। কর্র্তৃপক্ষের দাবি, সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হলে তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পরামর্শের বিরুদ্ধে যাবে।

ইতিমধ্যে আন্তঃসীমান্ত ট্রেন ও ফেরি সার্ভিস বন্ধ করেছে হংকং। চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে প্রায় ৭০ লাখ মানুষের বাস। অঞ্চলটিতে এখন পর্যন্ত ১৫ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। চীনে দ্রুত গতিতে ভাইরাস ছড়িয়ে পড়তে থাকায় হংকংয়েও ভাইরাসটি দ্রুত ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে। হংকংয়ের নবগঠিত হাসপাতাল কর্র্তৃপক্ষ কর্মী সংঘের চেয়ারপারসন উইনি উ বলেন, ‘সীমান্ত যদি পুরোপুরি বন্ধ করা না হয়, তাহলে প্রাদুর্ভাব মোকাবিলায় যথেষ্ট জনশক্তি, সুরক্ষা সরঞ্জাম বা নির্জন কক্ষ পাওয়া যাবে না।’

শত শত চিকিৎসাকর্মী গতকাল সোমবার থেকে ধর্মঘট শুরু করেছেন। তবে দাবি পূরণ না হলে মঙ্গলবার থেকে এতে যোগ দেবেন চিকিৎসক, নার্সসহ অন্যরাও। চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হওয়ার পরও হংকং সীমান্ত আন্তর্জাতিক চেকপয়েন্টের মতোই ব্যবহার করা হয়।