চিকিৎসক সংকটে সেবাবঞ্চিত রোগীরা

দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট চলছে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কাগজে-কলমে ২১ জন চিকিৎসক পদে কর্মরত ১৬ থাকলেও দায়িত্ব পালন করছেন মাত্র ৮ জন। অন্যরা যোগদান করে সংযুক্তির মাধ্যমে রাজধানী ঢাকা ও এর আশপাশের হাসপাতালগুলোতে দায়িত্ব পালন করছেন। এতে কাক্সিক্ষত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। এ নিয়ে ক্ষোভও দেখা গেছে তাদের মধ্যে। সংশ্লিষ্টরা বলছেন, চিকিৎসক সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষকে জানানো হয়েছে। শিগগিরই সমস্যার সমাধান হবে।

সরেজমিনে দেখা যায়, হাসপাতালে ২১ জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ৮ জন। এর মধ্যে একজন ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে দায়িত্ব পালন করায় ৭ জন দিয়েই চলছে পুরো হাসপাতাল। এতে স্বাভাবিক চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন দায়িত্বরত চিকিৎসকরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন গড়ে চার থেকে পাঁচ শ রোগী আউটডোরে চিকিৎসা নিতে আসেন। চিকিৎসকের সংখ্যা কম থাকায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তাদের সেবা নিতে হচ্ছে। হাসপাতালে ১৬ জন চিকিৎসক কর্মরত থাকলেও ৮ জন যোগদান করে সংযুক্তির মাধ্যমে রাজধানী ঢাকা ও এর আশপাশের হাসপাতালে দায়িত্ব পালন করছেন। তারা বেতন-ভাতা এখান থেকে তুললেও সেবা দিচ্ছেন অন্যত্র। এ ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে দুজন কনসালট্যান্ট, একজন মেডিকেল অফিসার ও দুজন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসারসহ পাঁচটি শূন্য পদ রয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সজীব রায়হান বলেন, ‘স্বল্প সংখ্যক চিকিৎসক দিয়ে আউটডোর ও ভর্তি রোগীর সেবা দেওয়া খুবই কষ্টসাধ্য। ফলে রোগীরা সঠিক সেবা পাচ্ছেন না।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যার। শিগগিরই ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের কার্যক্রম শুরু হবে। হাসপাতালে ৫টি শূন্যপদ রয়েছে। এ ছাড়া ৮ জন চিকিৎসক সংযুক্তির মাধ্যমে অন্য হাসপাতালে দায়িত্ব পালন করছেন। ফলে ভয়াবহ চিকিৎসক সংকট দেখা দিয়েছে। শূন্যপদ পূরণ ও সংযুক্তি বাতিল করে ওই চিকিৎসকদের ফিরিয়ে আনলে রোগীরা পরিপূর্ণ সেবা পাবেন বলে আশা করছি।’ সিভিল সার্জন ড. মো. ইমতিয়াজ জানান, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। শিগগিরই কর্র্তৃপক্ষ এ ব্যপারে ব্যবস্থা নেবে।