প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় সিলেটের জকিগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কয়েছ আহমদকে (৪২) কারাগারে প্রেরণ করা হয়েছে। গত সোমবার রাতে জকিগঞ্জ থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার জকিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে প্রেরণ করা হয়। কয়েছ আহমদ জকিগঞ্জ পৌরসভার খলাছড়া এলাকার মৃত নুর উদ্দিনের ছেলে।
জকিগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ আবদুন নাসের জানান, গত সোমবার বিকেলে ওই প্রতিবন্ধী শিশু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে কয়েছ আহমদের বাড়ির কাছাকাছি পৌঁছালে শিশুটিকে কৌশলে ঘরে নেন কয়েছ। এরপর তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুর চিৎকারে প্রতিবেশীরা ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন।
এ ব্যাপারে শিশুর বাবা বাদী হয়ে সোমবার রাতে জকিগঞ্জ থানায় কয়েছ আহমদের বিরুদ্ধে মামলা করলে রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে জকিগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। এর সঙ্গে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক বিচার চাই’।