ঢাকা জেলার দোহার উপজেলা প্রকৌশলী কবির উদ্দিন শাহকে পেটানোর ঘটনায় উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা ছয়টার তাকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত রবিবার বিকেলে দোহার উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণকাজের প্রসঙ্গে প্রকৌশলী কবির উদ্দিন ও আমিনুল ইসলামের কথা-কাটাকাটি হয়। এ সময় প্রকৌশলীর ওপর চড়াও হয়ে আমি নুল কার্যালয়ের দরজা বন্ধ করে তাকে আটকে রেখে গালিগালাজ শুরু করে।
ঘটনার একপর্যায়ে আমিনুল ও তার সঙ্গে থাকা ৩/৪ জন মিলে কবির উদ্দিনকে পিটিয়ে আহত করে বলে অভিযোগ উঠে। এ সময় তার চোখে থাকা চশমা, টেবিলের গ্লাস সহ কিছু জিনিসপত্র ভেঙে ফেলে আমিনুল ও তার সহযোগীরা।
এ ঘটনায় রবিবার রাতেই আমিনুলসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে দোহার থানায় মামলা করেন কবির উদ্দিন। এদিকে, উপজেলা ছাত্রলীগের সভাপতির এসব কর্মকাণ্ডের অভিযোগ পেয়ে তদন্ত কমিটি গঠন করেছে জেলা ছাত্রলীগ।