কর্মশালার আয়োজন করেছে পরিচালক সমিতি

চলচ্চিত্র সংশ্লিষ্টদের আত্ম-উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি আয়োজন করেছে এক কর্মশালার। ‘চলচ্চিত্রে প্রযুক্তি, অনলাইন প্ল্যাটফর্ম এবং নিরাপত্তা কর্মশালা’ শীর্ষক কর্মশালাটি অনুষ্ঠিত হবে ৮ ফেব্রুয়ারি। এফডিসির জহির রায়হান মিলনায়তনে কর্মশালা শুরু হবে সকাল ১১টায়, শেষ হবে বিকেল ৫টায়। অংশগ্রহণের জন্য পরিচালকদের অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধন ফি ১০০ টাকা। নিবন্ধনের শেষ তারিখ ৬ ফেব্রুয়ারি। বিভিন্ন বিষয়ে প্রশিক্ষক হিসেবে থাকবেন চিত্র পরিচালক ড. মতিন রহমান, রাকিবুল হাসান, সৈয়দ ইমরান হোসাইন কিরমানী, মো. নাজমুল ইসলাম।

পরিচালক সমিতির আন্তর্জাতিক ও তথ্য প্রযুক্তি সচিব মোস্তাফিজুর রহমান মানিক বলেন, আধুনিক প্রযুক্তি সম্পর্কে আমাদের অনেক পরিচালক ভালোভাবে জানেন না। তা ছাড়া বর্তমান বিশ্বে কনটেন্টেও বৈচিত্র্য এসেছে। এসব নিয়ে কথা বলবেন বর্ষীয়ান পরিচালক মতিন রহমান। রাকিবুল হাসান কথা বলবেন বিভিন্ন ভিডিও প্ল্যাটফর্ম সম্পর্কে। এ সকল প্ল্যাটফর্মে কীভাবে একটা ছবিকে নিয়ে যেতে হয় কিংবা এর থেকে আয়টা কীভাবে আসে তা নিয়ে কথা বলবেন তিনি। আর সাইবার নিরাপত্তা নিয়ে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।

মানিক জানালেন পরিচালক সমিতি সামনে আরও বিভিন্ন বিষয়ের ওপর কর্মশালা আয়োজন করবে।