রপ্তানি আয়ের নিম্নগতির প্রভাবে বৈদেশিক বাণিজ্যে বিপুল ঘাটতিতে পড়েছে বাংলাদেশ। চলতি ২০১৯-২০ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই থেকে ডিসেম্বর) বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ৮২২ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭০ হাজার কোটি টাকা। গত অর্থবছর একই সময়ে ঘাটতির পরিমাণ ছিল ৭৮০ কোটি ডলার। কেন্দ্রীয় ব্যাংকের লেনদেনের ভারসাম্যের ওপর (ব্যালেন্স অব পেমেন্ট) প্রকাশিত পরিসংখ্যানে এসব তথ্য জানা গেছে।
সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে পণ্যের চাহিদা কম ও সঠিক মূল্য পাচ্ছে না বাংলাদেশ। ফলে লক্ষ্যমাত্রা অনুযায়ী রপ্তানি হচ্ছে না। অন্যদিকে পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণকাজ চলছে। এই বড় বড় প্রকল্পের প্রয়োজনীয় সরঞ্জাম আমদানি করতে হচ্ছে। এতে করে আমদানি ব্যয় যে হারে বেড়েছে সেই তুলনায় রপ্তানি হয়নি। যার কারণে বাণিজ্য ঘাটতি বাড়ছে।
২০১৯-২০ অর্থবছরের প্রথম ছয় মাসে ইপিজেডসহ রপ্তানি খাতে বাংলাদেশ আয় করেছে ১ হাজার ৮৮৪ কোটি ৪০ লাখ ডলার। এর বিপরীতে আমদানি বাবদ ব্যয় করেছে ১ হাজার ৭০৬ কোটি ৬০ লাখ ডলার।