তরুণ প্রজন্মের মেধাবী অভিনেতা ইয়াশ রোহান। ছোট ও বড় পর্দায় সমানতালে কাজ করছেন। সম্প্রতি প্রকাশ পেয়েছে তার সিনেমা ‘পরাণ’-এর টিজার। ভালোবাসা দিবসের নাটকেও পাওয়া যাবে তাকে। তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ
‘পরাণ’-এর টিজারে প্রশংসা
প্রতিটি শিল্পীই চান তার সব কাজ দর্শক দেখুক, ভালোবাসুক। ‘পরাণ’ সিনেমার পোস্টার থেকেই আমি সেই ভালোবাসাটা পাচ্ছি। গত সোমবার সকালে প্রকাশ হয় এর ১ মিনিট ২০ সেকেন্ডের টিজার। তা দর্শকের পছন্দ হয়েছে। অনেকেইে বলছেন, সিনেমাটি বরগুনার আলোচিত রিফাত-মিন্নির ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। তবে এ বিষয়ে এখনই কিছু বলতে চাই না। সিনেমাটি দেখে দর্শকই বিচার করবেন কি নিয়ে এর গল্প। আমি শুধু বলতে পারি, এটি মফস্বলের দুই তরুণ ও এক তরুণীর জীবন ও প্রেমের গল্প। ভালোবাসা, নেশা, রাজনীতি, বিয়ে ও বিচ্ছেদ নিয়ে ঘটনাবহুল এর গল্প এগিয়ে যাবে। কাজটি করে আমার খুব ভালো লেগেছে। পরিচালক রায়হান রাফির সঙ্গে প্রথমে একটি মিউজিক ভিডিও করেছিলাম। যদিও সেটি এখনো দর্শকের সামনে আসেনি। কিন্তু সেই কাজটি করতে গিয়েই রাফির সঙ্গে চমৎকার বোঝাপড়া তৈরি হয়। ‘পরাণ’ করতে এসে মিম ও রাজের সঙ্গেও ভালো সম্পর্ক তৈরি হয়েছে। শিগগির সিনেমাটি মুক্তি পাবে।
ভালোবাসা দিবসের দুই নাটক...
সম্প্রতি ভালোবাসা দিবসের একটি নাটকের শ্যুটিং করতে কলকাতায় গিয়েছিলাম। দুদিন হলো দেশে ফিরেছি। নাটকটির নাম ‘ভালোবাসার রঙ’। আমার বিপরীতে আছেন লাক্স সুপারস্টার নাদিয়া আফরিন মিম। এটি নির্মাণ করেছেন কলকাতার নির্মাতা বিশ্বজিৎ পাল। এটি শহরের গল্প। আমি এখানে একজন ছাত্র। এলাকার ছেলেদের সঙ্গে আড্ডা মারি। এখনই এর বেশি কিছু বলা যাবে না। এটি ভালোবাসা দিবসে আরটিভিতে প্রচার হবে।
এ ছাড়া কলকাতার জনপ্রিয় ওয়েব প্ল্যাটফরম হইচইয়ের একটি গল্পে অভিনয় করেছি। ‘পাঁচফোড়ন ২’ নামের এই ওয়েব কনটেন্টে এবার দুজন দেশীয় নির্মাতা কাজ করেছেন। নুরুল আলম আতিক আর গিয়াসউদ্দিন সেলিম। আমি আতিকের কাজটি করেছি। আমার বিপরীতে আছেন অর্চিতা স্পর্শিয়া।
চলচ্চিত্রের ভবিষ্যৎ উজ্জ্বল...
এখন নানা সংকট থাকলেও আমার মনে হয় আমাদের চলচ্চিত্রের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। কারণ, আমাদের এখানে ভালো গল্পের সিনেমা নির্মাণের সংখ্যা বাড়ছে। সেসব সিনেমা দেখার দর্শকও আস্তে আস্তে তৈরি হচ্ছে। খেয়াল করে দেখবেন, ভালো সিনেমা হলে সেটি ঠিকই বাণিজ্যিকভাবে সফল হয়। ‘আয়নাবাজি’, ‘ঢাকা অ্যাটাক’, ‘দেবী’, ‘স্বপ্নজাল’-এর উদাহরণ। তবে এমন সিনেমার সংখ্যা খুব কম। তাই ইন্ডাস্ট্রি দাঁড়াচ্ছে না। কিন্তু এ বছর অনেক ভালো সিনেমা নিয়ে হাজির হবেন গুণী নির্মাতারা। রায়হান রাফির ‘পরাণ’ ও ‘ইত্তেফাক’ মুক্তি পাবে। অমিতাভ রেজা ‘রিকশা গার্ল’ বানিয়েছেন। গিয়াসউদ্দিন সেলিম ‘পাপ-পুণ্য’ নিয়ে আসবেন। মেজবাউর রহমানের ‘হাওয়া’ আসবে। সব মিলিয়ে এ বছর চলচ্চিত্রের জন্য ইতিবাচক।